জাতীয়
ছবি: সংগৃহীত

করোনার এক্সবিবি উপধরনে ফের সংক্রমণ বাড়ছে, সতর্ক করলেন বিশেষজ্ঞরা।

নিজস্ব প্রতিবেদক:

করোনাভাইরাসের অমিক্রন ভ্যারিয়েন্ট থেকে উদ্ভূত এক্সবিবি উপধরনে বিশ্বজুড়ে নতুন করে সংক্রমণ বাড়ছে। বাংলাদেশেও এ সংক্রমণের ঊর্ধ্বগতি লক্ষ্য করা গেছে।
এ পরিস্থিতিতে টিকা নেওয়া এবং স্বাস্থ্যবিধি মানার ওপর গুরুত্ব দিচ্ছেন বিশেষজ্ঞরা।

এক্সবিবি মূলত অমিক্রনের BA.2.10.1 এবং BA.2.75 উপধরনের সংমিশ্রণে গঠিত। ২০২২ সালের মাঝামাঝি এই ধরন প্রথম শনাক্ত হওয়ার পর বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ে। ভাইরাসটির উচ্চ সংক্রমণ ক্ষমতা ও ইমিউন এস্কেপ বৈশিষ্ট্যের কারণে এটি ইতোমধ্যে বৈশ্বিকভাবে নজরদারির তালিকায় রয়েছে।

বিশেষজ্ঞদের মতে, এক্সবিবি ও এর উপধরনগুলোর মধ্যে যেমন XBB.1, XBB.1.5 এবং NB.1.8.1 রয়েছে—এসব কিছুটা বেশি সংক্রামক হলেও, টিকা গুরুতর অসুস্থতা এবং মৃত্যুর ঝুঁকি অনেকটাই কমাতে সক্ষম। বিশ্ব স্বাস্থ্য সংস্থা এক্সবিবিকে Variant of Interest হিসেবে তালিকাভুক্ত করেছে।

এদিকে দেশে করোনার সংক্রমণ ধীরে ধীরে বাড়ছে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, মে মাসে দেশে করোনা শনাক্ত হয়েছে ৮৬ জনের দেহে, যা এপ্রিলের তুলনায় প্রায় চারগুণ বেশি। চলতি মাসে ইতোমধ্যে একজনের মৃত্যু হয়েছে করোনায়।

রোববার (৮ জুন) প্রকাশিত সরকারি প্রতিবেদনে জানানো হয়েছে, সর্বশেষ ৪ জনের নমুনা পরীক্ষা করে ৩ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। যদিও মৃতের সংখ্যা শূন্য ছিল, তবে স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে সোমবার (৯ জুন) নতুন নির্দেশনা জারি করে মাস্ক ব্যবহারে জোর দেওয়া হয়েছে। বয়স্ক ও অসুস্থ ব্যক্তিদের জনসমাগমপূর্ণ এলাকা এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে।

জনসাধারণের জন্য পরামর্শ:

  • হালনাগাদ বুস্টারসহ টিকার সব ডোজ সম্পন্ন করুন

  • উপসর্গ দেখা দিলে করোনা পরীক্ষা করুন

  • জনসমাগমপূর্ণ স্থানে মাস্ক ব্যবহার করুন

  • স্থানীয় স্বাস্থ্য নির্দেশিকা মেনে চলুন

টিকা গ্রহণে বিশেষ সতর্কতা প্রয়োজন যাদের:

  • ৬৫ বছরের ঊর্ধ্বে বয়স্করা

  • গর্ভবতী নারী ও নবজাতকের সুরক্ষার জন্য গর্ভকালীন টিকা

  • ৬ মাস বয়সী শিশু থেকে সব বয়সীদের জন্য সম্পূর্ণ ডোজ

  • শিশু ও কিশোরদের বছরে অন্তত একবার আপডেটেড টিকা নেওয়া

বিশেষজ্ঞদের মতে, এক্সবিবি এখন পর্যন্ত উচ্চ মৃত্যুহার সৃষ্টি না করলেও,সংক্রমণ নিয়ন্ত্রণে রাখতে স্বাস্থ্যবিধি মেনে চলা এবং টিকা নেওয়া জরুরি। এছাড়া সামান্য অবহেলাও ভবিষ্যতে বড় ঝুঁকির কারণ হতে পারে বলে সতর্ক করেছেন তারা।

মতামত দিন