আবদুল হামিদের বিরুদ্ধে এখনই ব্যবস্থা নয়, তদন্তের ফলাফলের অপেক্ষা: স্বরাষ্ট্র উপদেষ্টা।
সোমবার (৯ জুন) রাজধানীর যাত্রাবাড়ী থানায় পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, “আবদুল হামিদের বিরুদ্ধে কোনো গ্রেপ্তারি পরোয়ানা নেই। ফলে আইনি ভিত্তি না থাকায় তাকে গ্রেপ্তার করা হয়নি। তবে তদন্তে যদি তার বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগের সত্যতা পাওয়া যায়, তখন অবশ্যই আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।”
তিনি আরও জানান, বিষয়টি যাচাই-বাছাই করা হচ্ছে এবং সে প্রক্রিয়া শেষে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। সব নাগরিকের ক্ষেত্রেই আইন সমানভাবে প্রয়োগ করা হবে বলে উল্লেখ করেন তিনি।
স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, এ বিষয়ে একটি তিন সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি কাজ করছে। তাদের রিপোর্টের ভিত্তিতেই চূড়ান্ত সিদ্ধান্ত হবে।
পবিত্র ঈদুল আজহা সামনে রেখে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও সন্তোষ প্রকাশ করেন উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, “বিচ্ছিন্ন কিছু অপরাধ ছাড়া পরিস্থিতি মোটের ওপর শান্তিপূর্ণ রয়েছে।” এ সময় থানার পুলিশ সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন তিনি এবং তাদের সুবিধা-অসুবিধা সম্পর্কেও খোঁজ নেন।
উল্লেখ্য, গত ৮ জুন দিবাগত রাত দেড়টার দিকে থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে দেশে ফেরেন সাবেক রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। চিকিৎসার উদ্দেশ্যে তিনি দীর্ঘ এক মাস থাইল্যান্ডে ছিলেন। দেশে ফেরার পর রাজনৈতিক মহলে তার নাম জড়ানো একটি হত্যা মামলাকে কেন্দ্র করে নানা গুঞ্জন শুরু হয়েছে।
মতামত দিন