যুক্তরাষ্ট্রে অবস্থানরত অবৈধ ৪২ বাংলাদেশিকে ফেরত পাঠানো হয়েছে।
জানা গেছে, ওই দিন বিকেল সাড়ে ৩টার দিকে যুক্তরাষ্ট্র থেকে OAE-3331 নম্বরের একটি বিশেষ ফ্লাইট ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। ফ্লাইটটিতে ৪২ জন বাংলাদেশি অভিবাসী ছিলেন, যাদের বৈধ কাগজপত্র না থাকায় যুক্তরাষ্ট্রে বসবাস অবৈধ হিসেবে গণ্য করা হয়েছিল।
ফেরত আসা ব্যক্তিদের মধ্যে ২৪ জনের প্রয়োজনীয় নথিপত্র ঠিক থাকায় তারা দ্রুত ইমিগ্রেশন প্রক্রিয়া সম্পন্ন করে সন্ধ্যার মধ্যেই বাড়ির পথে রওনা হন। তবে বাকি ১৮ জনের কাগজপত্রে জটিলতা থাকায়, বাংলাদেশ ইমিগ্রেশন পুলিশ ও সংশ্লিষ্ট কূটনৈতিক কর্তৃপক্ষের সমন্বয়ে জিডি (সাধারণ ডায়েরি) করে প্রয়োজনীয় প্রক্রিয়া শেষে তাদেরও রাত ১০টার পর ছেড়ে দেওয়া হয়।
উল্লেখ্য, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন দায়িত্ব গ্রহণের পর থেকেই যুক্তরাষ্ট্রে অবস্থানরত অবৈধ অভিবাসীদের নিজ নিজ দেশে ফেরত পাঠানোর নীতিতে অটল রয়েছে। এর আগে বিভিন্ন দফায় আরও বহু বাংলাদেশিকে ফিরিয়ে দিয়েছে দেশটি। সর্বশেষ এক ফ্লাইটে গ্রিফন এয়ারের মাধ্যমে পাঁচজন বাংলাদেশিকে পাঠানো হয়েছিল।

মতামত দিন