জাতীয়
ছবি: সংগৃহীত

চামড়া বিক্রি না হওয়ায় নদীতে ফেলা, ফেনীতে ব্যবসায়ী আটক।

নিজস্ব প্রতিবেদক:

ফেনীর পরশুরামে কোরবানির পশুর চামড়া বিক্রি করতে না পেরে সেগুলো নদীতে ফেলে দেন শুক্কুর আলী নামে এক মৌসুমি ব্যবসায়ী। সামাজিক যোগাযোগমাধ্যমে এ ঘটনার ভিডিও ছড়িয়ে পড়ার পর তীব্র সমালোচনার সৃষ্টি হয়।
ঘটনার পর রোববার (৮ জুন) রাতে তাকে আটক করে পুলিশ।

আটক শুক্কুর আলী পরশুরাম উপজেলার চিথলিয়া ইউনিয়নের মালিপাথর গ্রামের বাসিন্দা এবং আবদুল মান্নানের ছেলে। স্থানীয় প্রশাসনের নির্দেশে চামড়া ফেলার ঘটনায় তাকে তার নিজ বাড়ি থেকে আটক করা হয়। অভিযানে নেতৃত্ব দেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরিফুর রহমান।

স্থানীয়রা জানান, শুক্কুর আলী কোরবানির ঈদের দিন বিভিন্ন গ্রামে ঘুরে ঘুরে ৫০০ থেকে ৬০০ টাকায় বেশ কিছু পশুর চামড়া কিনেছিলেন। পরে সেগুলো বিক্রির উদ্দেশ্যে পিকআপভ্যানে করে পরশুরাম বাজারে নিয়ে যান। তবে বাজারে কোনো ক্রেতা না পাওয়ায় ক্ষোভে চামড়াগুলো পার্শ্ববর্তী সিলোনিয়া নদীতে ফেলে দেন।

পরশুরাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নুরুল হাকিম জানান, নদীতে চামড়া ফেলে পরিবেশ দূষণ ঘটানোর 

অভিযোগে শুক্কুর আলীকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে পরিবেশ সংরক্ষণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

চামড়া নিয়ে বাজারে দীর্ঘদিনের নৈরাজ্য ও অস্থিরতার মধ্যে এবারের ঈদেও কাঙ্ক্ষিত দাম না পাওয়ায় অনেক স্থানেই চামড়া বিক্রি নিয়ে ক্ষোভ তৈরি হয়েছে। তবে পরিবেশদূষণের মতো পদক্ষেপের ঘটনায় প্রশাসনের পক্ষ থেকে দ্রুত ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় কর্মকর্তারা।

মতামত দিন