১২ ঘণ্টারও কম সময়ে পরিচ্ছন্ন ঢাকা, নীরব নায়কদের শ্রদ্ধা জানালেন উপদেষ্টা আসিফ মাহমুদ।
শনিবার (৭ জুন) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি জানান, ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের সমন্বিত প্রচেষ্টায় ১২ ঘণ্টারও কম সময়ের মধ্যে পুরো শহর পরিষ্কার করা সম্ভব হয়েছে।
ফেসবুক পোস্টে তিনি আরও বলেন, “নগরবাসীর দায়িত্বশীল আচরণ আর পরিচ্ছন্নতা কর্মীদের নিরলস পরিশ্রমের কারণেই এ অর্জন সম্ভব হয়েছে। প্রচারের আলোয় না থাকলেও তাদের হাতেই শহরের পরিচ্ছন্ন চেহারা তৈরি হয়। এই নিঃশব্দ বীরদের প্রতি রইল গভীর শ্রদ্ধা।”
আসিফ মাহমুদ জানান, শুধু ঢাকা নয়, দেশের অন্যান্য সিটি করপোরেশনগুলোতেও সফলভাবে পরিচ্ছন্নতা কার্যক্রম সম্পন্ন হয়েছে। এই সাফল্য স্থানীয় সরকার ব্যবস্থার দক্ষতা এবং জনকল্যাণে তাদের প্রতিশ্রুতির প্রমাণ বলেও উল্লেখ করেন তিনি।
এর আগে ঈদের দিন দুপুরে রাজধানীর কলাবাগানে বর্জ্য ব্যবস্থাপনার আনুষ্ঠানিক উদ্বোধন করেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। তখন তিনি ঘোষণা দিয়েছিলেন, “রাতের মধ্যেই কোরবানির বর্জ্য অপসারণ করা হবে। বর্জ্যের কারণে ঈদ আনন্দে কোনো ব্যাঘাত ঘটবে না।”
তিনি আরও বলেন, “কোরবানির পর বর্জ্য অপসারণ একটি বড় চ্যালেঞ্জ। কিন্তু এই চ্যালেঞ্জ মোকাবিলায় আমরা প্রস্তুত ছিলাম, এবং আমরা তা করে দেখিয়েছি।”

মতামত দিন