জাতীয়
ছবি: সংগৃহীত

ঈদ সামনে রেখে সুন্দরবনে রেড অ্যালার্ট, বনকর্মীদের ছুটি বাতিল।

নিজস্ব প্রতিবেদক:

পবিত্র ঈদুল আজহা। উৎসবের আনন্দে যখন পুরো দেশ ডুবে, তখন পরিবার থেকে শত মাইল দূরে কঠোর দায়িত্বে নিয়োজিত সুন্দরবনের বনকর্মীরা।
বনজ সম্পদ রক্ষায় খুলনার রেঞ্জজুড়ে জারি হয়েছে সর্বোচ্চ সতর্কতা। বন্ধ রাখা হয়েছে বন বিভাগের সব কর্মকর্তা-কর্মচারীর ছুটি।

বন বিভাগ বলছে, ঈদের সময় চোরাকারবারিরা সুযোগ নিয়ে বনে বিষ প্রয়োগে মাছ ধরা ও মায়াবী হরিণ শিকারের মতো নিষিদ্ধ কর্মকাণ্ডে লিপ্ত হয়। এই অপচেষ্টা ঠেকাতেই এবারের ঈদে নেওয়া হয়েছে সর্বোচ্চ সতর্কতা। খুলনা রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) মো. শরিফুল ইসলাম বলেন, “চোরাশিকারিরা সাধারণত উৎসবের ছুটিকে সুযোগ হিসেবে নেয়। এবার আমরা আগেভাগেই প্রস্তুতি নিয়ে সব ছুটি বাতিল করেছি।”

খুলনা রেঞ্জের অধীনে থাকা বজবজা, করমজল, হরিণটানা, শেলাবুনিয়া, কলাবগি, চাঁদপাইসহ সব স্টেশন ও টহল ফাঁড়িতে তৎপর রয়েছে বিশেষ টিম। প্রতিটি এলাকায় চলছে দিনরাত যৌথ টহল, সঙ্গে বাড়ানো হয়েছে স্মার্ট টহলের পরিধিও।

বজবজা টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. লুৎফর রহমান জানান, “কেবল টহল নয়, স্থানীয় জেলেদের সাথেও বৈঠক করে সচেতনতামূলক বার্তা পৌঁছে দিচ্ছি। যারা বনকে ক্ষতি করতে চায়, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।”

বন বিভাগের পক্ষ থেকে জানানো হয়, সুন্দরবনের যেসব অংশে অতীতে চোরাশিকারের প্রবণতা বেশি ছিল, সেসব এলাকায় এবার নজরদারি দ্বিগুণ করা হয়েছে। রেঞ্জ কর্মকর্তারা নিজেরাও মাঠে থাকছেন।

সুন্দরবন পশ্চিম বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা এজেড এম হাছানুর রহমান বলেন, “ঈদের দিনেও কেউ বিশ্রামে নেই। বন বিভাগের প্রতিটি সদস্য জানে, এই দায়িত্ব কতটা গুরুত্বপূর্ণ। সুন্দরবন শুধু বন নয়, এটি আমাদের জাতীয় ঐতিহ্য, যা রক্ষা করা আমাদের কর্তব্য।”

মতামত দিন