জাতীয়
ছবি: সংগৃহীত

গাবতলীতে গরুর সংকট, শেষ মুহূর্তে বিপাকে ক্রেতারা।

নিজস্ব প্রতিবেদক:

কোরবানির ঈদকে সামনে রেখে রাজধানীর গাবতলী হাটে আজ শুক্রবার (৬ জুন) সকাল থেকেই দেখা দিয়েছে গরুর সংকট। বিশেষ করে ছোট ও মাঝারি গরুর নির্ধারিত স্টলগুলো সকালেই ফাঁকা হয়ে যায়, ফলে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে ছুটে আসা বহু ক্রেতাকে খালি হাতে ফিরতে হয়েছে।

ঈদের আর মাত্র একদিন বাকি। শেষ সময়ে পছন্দসই পশু কেনার তাগিদে হাটে ভিড় করছেন অনেকেই। পরিবার-পরিজন নিয়ে এসেছেন এমন ক্রেতার সংখ্যাই বেশি। তাদের মধ্যে সবচেয়ে বেশি চাহিদা ১ থেকে ২ লাখ টাকার গরুর প্রতি। কিন্তু হাটে গরুর ঘাটতির কারণে বিকেল নাগাদ সংকট আরও বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন বিক্রেতারা।

এদিকে গত কয়েকদিন ধরে ছবি তোলা আর হাঁটাহাঁটির পর্ব শেষে এখন শুরু হয়েছে চূড়ান্ত কেনাবেচা।তবে ৬ লাখ বা তার বেশি মূল্যের গরুর প্রতি আগ্রহ নেই বললেই চলে। বিক্রেতারা বলছেন, এত দামে ক্রেতা না পাওয়ায় তারা এখনো গরু ছাড়তে চাইছেন না, লোকসানের শঙ্কায় রয়েছেন। তাই শেষ মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করেই সিদ্ধান্ত নিতে চান তারা।

গাবতলী হাট ঘুরে দেখা গেছে, যেসব গরু পাওয়া যাচ্ছে, সেগুলোর দাম নিয়ে চলছে মিশ্র প্রতিক্রিয়া।অনেকেই বাজেটের একটু উপরে গিয়ে হলেও পছন্দসই পশু কিনে নিচ্ছেন,কারণ সময় খুব বেশি নেই।“এখন আর দেখার সময় নেই, পছন্দ হলে কিনে নিচ্ছি,” বললেন এক ক্রেতা।

দাম নিয়ে এখনও চলছে দর-কষাকষি। একদিকে যেমন ক্রেতা বোঝাচ্ছেন, অন্যদিকে বিক্রেতারা বাড়তি লাভের আশায় ছাড় দিচ্ছেন না সহজে। তবে চাপ সামাল দিতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে নতুন পশু আসছে হাটে। বিক্রেতারা বলছেন, শনিবার সকাল নাগাদ গরুর সরবরাহ কিছুটা বাড়বে বলে তারা আশা করছেন।

সবমিলিয়ে ঈদের আগের শেষ শুক্রবারে গাবতলী হাটে গরুর সংকট ও ক্রেতাদের তীব্র চাপের মধ্য দিয়ে জমে উঠেছে শেষ সময়ের কোরবানির বাজার।

মতামত দিন