জাতীয়
ছবি: সংগৃহীত

গাইবান্ধার পলাশবাড়ীতে বাসচাপায় প্রাণ গেল ৩ জনের।

নিজস্ব প্রতিবেদক:

গাইবান্ধার পলাশবাড়ীতে দ্রুতগতির একটি বাসের ধাক্কায় ব্যাটারিচালিত অটোরিকশার তিন যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অন্তত দুইজন।
শুক্রবার (৬ জুন) বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার ডাকঘর মোড় এলাকায় দুর্ঘটনাটি ঘটে।

স্থানীয়রা জানান, গাইবান্ধা থেকে ছেড়ে আসা একটি বাস পলাশবাড়ীর দিকে যাচ্ছিল। পথিমধ্যে ডাকঘর এলাকায় একটি যানবাহনকে ওভারটেক করতে গিয়ে বিপরীত দিক থেকে আসা অটোরিকশাটিকে মুখোমুখি ধাক্কা দেয়। তীব্র গতির ধাক্কায় অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই তিন যাত্রীর মৃত্যু হয়।

দুর্ঘটনার পর পলাশবাড়ী থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করে। বাসটি জব্দ করা হলেও চালক ও হেলপার পালিয়ে গেছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে পলাশবাড়ী থানার ওসি ঝুলফিকার আলী ভুট্টু জানান, নিহতদের শনাক্তের চেষ্টা চলছে। আইনানুগ প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। দুর্ঘটনাস্থলে প্রচণ্ড ভিড় লক্ষ্য করা গেছে।

মতামত দিন