জাতীয়
ছবি: সংগৃহীত

ঈদুল আজহাকে ঘিরে রাজধানীজুড়ে নেওয়া হয়েছে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা:ডিএমপি কমিশনার।

নিজস্ব প্রতিবেদক:

আসন্ন ঈদুল আজহাকে ঘিরে রাজধানীজুড়ে নেওয়া হয়েছে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা—এ কথা জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী। শুক্রবার (৬ জুন) সকালে জাতীয় ঈদগাহ মাঠ পরিদর্শনকালে সাংবাদিকদের তিনি এসব তথ্য জানান।

ডিএমপি কমিশনার বলেন, “জাতীয় ঈদগাহ, বায়তুল মোকাররমসহ পুরো এলাকাকে সিসিটিভির আওতায় আনা হয়েছে। নিরাপত্তার স্বার্থে ঈদগাহে প্রবেশের সময় কোনো ধরনের ধারালো বস্তু বহনের সুযোগ থাকবে না।” তিনি আরও জানান, রাজধানী ফাঁকা থাকলেও নিরাপত্তার দিক থেকে কোনো ঝুঁকি নেই। নগরজুড়ে রাতদিন কাজ করছে ৫০০ পেট্রোল টিম।

এদিকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) প্রশাসক শাহজাহান মিয়া জানিয়েছেন, পবিত্র ঈদুল আজহার প্রধান জামাত অনুষ্ঠিত হবে শনিবার (৭ জুন) সকাল সাড়ে ৭টায়, জাতীয় ঈদগাহ ময়দানে।তবে বৈরী আবহাওয়ার আশঙ্কা থাকলে বিকল্প হিসেবে প্রধান জামাত সকাল ৮টায় বায়তুল মোকাররম জাতীয় মসজিদে অনুষ্ঠিত হবে।

ইসলামিক ফাউন্ডেশনের তথ্য অনুযায়ী, বায়তুল মোকাররমে ঈদের দিন পাঁচটি জামাত হবে। প্রথম জামাত সকাল ৭টায়, এরপর যথাক্রমে সকাল ৮টা, ৯টা, ১০টা এবং শেষ জামাত সকাল ১০টা ৪৫ মিনিটে অনুষ্ঠিত হবে।

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, ঈদ উপলক্ষে মুসল্লিদের নিরাপত্তা নিশ্চিতে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে, যাতে সবাই শান্তিপূর্ণ পরিবেশে ধর্মীয় বিধান পালনে অংশ নিতে পারেন।

মতামত দিন