জাতীয়
ছবি: সংগৃহীত

গোবিন্দগঞ্জে সড়ক দুর্ঘটনায় স্বামী-স্ত্রী নিহত।

নিজস্ব প্রতিবেদক:

গাইবান্ধার গোবিন্দগঞ্জে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী এক দম্পতি নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৫ জুন) রাত সাড়ে ৯টার দিকে বগুড়া-রংপুর মহাসড়কের চাঁপড়ীগঞ্জ এলাকায় রোড ডিভাইডারের সঙ্গে ধাক্কা খেয়ে ট্রাকচাপায় ঘটনাস্থলেই প্রাণ হারান তারা।
দুর্ঘটনার পর উত্তেজিত স্থানীয়রা ঘণ্টাব্যাপী মহাসড়ক অবরোধ করে রাখে।

নিহতরা হলেন আনোয়ার হোসেন (৩০) ও তাঁর স্ত্রী শারমিন আক্তার। আনোয়ার কুড়িগ্রামের ভুরুঙ্গামারী উপজেলার কাঠগিরি গ্রামের বাসিন্দা ইউসুফ আলীর ছেলে। দম্পতি ঢাকায় একটি গার্মেন্টসে চাকরি করতেন এবং ঈদ উপলক্ষে গ্রামের বাড়ি ফিরছিলেন বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, মহাসড়কের চাঁপড়ীগঞ্জ থেকে ফাঁসিতলা পর্যন্ত পশ্চিম পাশে বসানো রাবারের রোড ডিভাইডারে ধাক্কা খেয়ে মোটরসাইকেল থেকে ছিটকে পড়েন আনোয়ার ও শারমিন। ঠিক তখনই পেছন থেকে আসা একটি দ্রুতগতির ট্রাক তাদের চাপা দিলে দুজনেই ঘটনাস্থলেই নিহত হন। স্থানীয়রা ট্রাকটি আটক করলেও চালক ও তার সহকারী পালিয়ে যায়।

ঘটনার পর স্থানীয় বাসিন্দারা ক্ষোভে ফেটে পড়ে এবং প্রায় এক কিলোমিটার দীর্ঘ ওই রোড ডিভাইডার তুলে নেওয়ার দাবিতে মহাসড়ক অবরোধ করে। পরে সেনাবাহিনী,থানা পুলিশ ও হাইওয়ে পুলিশের একটি দল গিয়ে স্থানীয়দের আশ্বস্ত করলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে এবং যান চলাচল স্বাভাবিক হয়।

চাঁপড়ীগঞ্জ এলাকার বাসিন্দা হাফিজ মিয়া বলেন, “মহাসড়কের মাঝখানে অযথা রাবারের ডিভাইডার বসানো হয়েছে। এর আগেও এখানে বেশ কয়েকটি দুর্ঘটনা ঘটেছে। আজকের ঘটনায় স্বামী-স্ত্রী একসঙ্গে মারা গেলেন। এই ডিভাইডার না সরালে আরও প্রাণহানি ঘটবে।”

গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন জানান, “নিহতদের মরদেহ হাইওয়ে থানায় রাখা হয়েছে। দুর্ঘটনাকবলিত ট্রাকটি জব্দ করা হয়েছে। চালক ও সহকারী পলাতক। বিষয়টি নিয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।”

মতামত দিন