জাতীয়
ছবি: সংগৃহীত

খালেদা জিয়ার জন্য আনা ‘কালো মানিক’ উপহার গ্রহণ হয়নি।

নিজস্ব প্রতিবেদক:

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জন্য উপহার হিসেবে আনা হয়েছিল পটুয়াখালীর কৃষক সোহাগ মৃধার লালন-পালনে বড় হওয়া বিশাল আকৃতির ষাঁড় ‘কালো মানিক’। তবে গুলশানে তাঁর বাসভবনে পৌঁছালেও এই পশু গ্রহণ করেননি খালেদা জিয়া।
বরং এলাকাতেই কোরবানি করার নির্দেশ দিয়েছেন তিনি।

বৃহস্পতিবার (৫ জুন) রাতে ঢাকায় বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ের সামনে ষাঁড়টি নিয়ে গেলে দলের স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন সাংবাদিকদের জানান, “খালেদা জিয়া ও তারেক রহমান গরুর মালিকের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। সোহাগ মৃধা ও তাঁর পরিবারের জন্য খালেদা জিয়ার পক্ষ থেকে ঈদের উপহারও পাঠানো হয়েছে।”

পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার উত্তর ঝাটিবুনিয়া গ্রামের কৃষক সোহাগ মৃধা নিজ খামারে ষাঁড়টি লালন-পালন করেন। তিনি জানান, ২০১৮ সালের শেষ দিকে চৈতা বাজার থেকে মাত্র ১ লাখ ৩৭ হাজার টাকায় একটি গাভী কিনেছিলেন। সেই গাভীরই বাছুর ‘কালো মানিক’। ছয় বছরের যত্ন ও পরিশ্রমে ষাঁড়টি বর্তমানে বিশাল আকার ধারণ করেছে।

বস্তুত, কালো মানিকের ওজন প্রায় ৩৫ মণ, দৈর্ঘ্য ১০ ফুট এবং উচ্চতা ৫ ফুট ৪ ইঞ্চি বলে জানা গেছে।

উল্লেখ্য, এবারের ঈদুল আজহা সামনে রেখে বিভিন্ন স্থান থেকে বড় আকৃতির কোরবানির পশু নিয়ে ঢাকায় আসার প্রবণতা দেখা যাচ্ছে। নেতাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে উপহার দেওয়ার এই প্রচেষ্টাও তারই অংশ বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

মতামত দিন