ঈদযাত্রার প্রথম দিনেই সদরঘাটে দুর্ঘটনা, বুড়িগঙ্গায় পড়ে গেলেন নারী-শিশুসহ ৫ জন।
নিজস্ব প্রতিবেদক:
ঈদুল আজহার ছুটি শুরু হতেই রাজধানী ছাড়ছেন হাজারো মানুষ। বৃহস্পতিবার (৫ জুন) দুপুরের দিকে সদরঘাটে যাত্রীদের উপচে পড়া ভিড়ের মধ্যে নারী ও শিশুসহ পাঁচজন পড়ে যান বুড়িগঙ্গা নদীতে।
প্রত্যক্ষদর্শীরা জানান, একটি লঞ্চ ভিড়তেই যাত্রীরা হুড়োহুড়ি করে তাতে উঠতে যান। ধাক্কাধাক্কির মধ্যে পড়ে যান পাঁচজন। তখনি কয়েকজন যাত্রী ও ঘাটের কর্মীরা দ্রুত পানিতে ঝাঁপিয়ে পড়ে রশি ও সিঁড়ির সাহায্যে তাদের টেনে তোলেন।
দুর্ঘটনায় কেউ হতাহত না হলেও এই ঘটনা ঈদযাত্রার সময় নৌপথে নিরাপত্তা ঘাটতির দিকেই ইঙ্গিত দেয় বলে মনে করছেন অনেকে। নাম-পরিচয় জানা না গেলেও উদ্ধার হওয়া পাঁচজন বর্তমানে সুস্থ আছেন।
অন্যদিকে, লঞ্চ-বাস ও ট্রেনে যাত্রীদের ভিড়ের চিত্র আরও চ্যালেঞ্জিং হয়ে উঠছে। ট্রেনের ছাদে যাত্রা ও লঞ্চে অনিয়ন্ত্রিত ভিড় উদ্বেগ বাড়াচ্ছে নিরাপত্তা নিয়ে।
বিশেষজ্ঞদের মতে, ঈদযাত্রায় এমন চাপ ও বিশৃঙ্খলা এড়াতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি ঘাট ও টার্মিনাল ব্যবস্থাপনাকে আরও সুসংহত করা জরুরি।

মতামত দিন