জাতীয়
ছবি: সংগৃহীত

জাতীয় ঈদগাহে ঈদুল আজহার প্রধান জামাতে ৩৫ হাজার মুসল্লির প্রস্তুতি।

নিজস্ব প্রতিবেদক:

ঈদুল আজহার প্রধান জামাত শনিবার (৭ জুন) সকাল সাড়ে ৭টায় অনুষ্ঠিত হবে রাজধানীর জাতীয় ঈদগাহে। এতে একসঙ্গে প্রার্থনায় অংশ নিতে পারবেন প্রায় ৩৫ হাজার মুসল্লি।
আবহাওয়া প্রতিকূল হলে জামাত অনুষ্ঠিত হবে বায়তুল মোকাররমে সকাল ৮টায়।

বৃহস্পতিবার (৫ জুন) ঈদগাহ পরিদর্শনে গিয়ে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক শাহজাহান মিয়া সাংবাদিকদের জানান, বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব মুফতি মোহাম্মদ আবদুল মালেক প্রধান জামাতের ইমামতি করবেন। মাঠে যাতে পানি না জমে, সেজন্য ড্রেনেজ ব্যবস্থাসহ সামিয়ানা ও ত্রিপল দিয়ে ঢেকে দেওয়া হয়েছে।

তিনি জানান, মুসল্লিদের জন্য ৪টি প্রবেশ গেট এবং নারীদের জন্য রয়েছে আলাদা ব্যবস্থা। ভিভিআইপিদের জন্য সুপ্রিম কোর্ট প্রাঙ্গণ দিয়ে একটি গেট রাখা হয়েছে। তাদের নিরাপত্তায় সেনাবাহিনী ও স্পেশাল সিকিউরিটি ফোর্স মাঠে অবস্থান নিয়েছে।

মাঠজুড়ে রয়েছে ফ্যান, লাইট, মাইকসহ অন্যান্য সুবিধা। পাশাপাশি স্থাপন করা হয়েছে প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্র, ফায়ার সার্ভিস ও পুলিশের কন্ট্রোল রুম। মুসল্লিদের নিরাপত্তায় আইনশৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ সতর্ক রয়েছে।

শাহজাহান মিয়া জানান, মুসল্লিদের অনুরোধ করা হয়েছে যেন নিরাপত্তাজনিত ঝুঁকি সৃষ্টি হয় এমন কোনো ডিভাইস বা ব্যাগ নিয়ে না আসেন। জায়নামাজ ও পানির বোতলও না আনার পরামর্শ দেওয়া হয়েছে। ঈদগাহ প্রাঙ্গণে অজু ও খাবার পানির আলাদা ব্যবস্থা রাখা হয়েছে।

ঈদ উপলক্ষে জাতীয় ঈদগাহের মূল ফটকে তৈরি করা হয়েছে নান্দনিক তোরণ। লেখা রয়েছে, ‘আত্মত্যাগ, আত্মোন্নয়ন ও সহানুভূতির মহিমায় উদ্ভাসিত হোক এবারের ঈদুল আজহা। ঈদ মোবারক।’

মতামত দিন