তেলের দাম কমায় বাসে বাড়তি ভাড়া নিলে ব্যবস্থা: সড়ক ও রেল মন্ত্রণালয়ের উপদেষ্টা।
নিজস্ব প্রতিবেদক:
জ্বালানি তেলের দাম কমানো হয়েছে, তাই বাসে বাড়তি ভাড়া আদায়ের কোনো সুযোগ নেই বলে হুঁশিয়ারি দিয়েছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় এবং রেল মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান। তিনি বলেন, “কোনো পরিবহন যদি অতিরিক্ত ভাড়া নেয়, সঙ্গে সঙ্গেই ব্যবস্থা নেওয়া হবে।
”
বৃহস্পতিবার (৫ জুন) সকালে রাজধানীর সায়েদাবাদ বাস টার্মিনাল পরিদর্শন শেষে প্রেস ব্রিফিংয়ে এসব কথা বলেন তিনি।
তিনি জানান, ঈদযাত্রা নির্বিঘ্ন করতে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হয়েছে এবং যাত্রীসেবায় কোনো অনিয়ম পাওয়া গেলে সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেওয়া হচ্ছে। যানজট নিয়েও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সক্রিয়ভাবে কাজ করছে।
ভাড়া সংক্রান্ত অভিযোগের বিষয়ে তিনি বলেন, “একটি বিচ্ছিন্ন ঘটনায় ১০০ টাকা অতিরিক্ত ভাড়া নেওয়া হয়েছিল, সেটি ফেরত দেওয়া হয়েছে এবং দায়ীকে জরিমানা করা হয়েছে।” তিনি আরও জানান, কিছু ঢালাও অভিযোগ এলেও নির্দিষ্ট তথ্য পাওয়া গেলে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।
প্রসঙ্গত, গত ৩১ মে জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে ডিজেলের দাম লিটারে ২ টাকা, আর পেট্রল ও অকটেনের দাম ৩ টাকা কমানো হয়। এর আগে মে মাসে তেলের দাম লিটারে ১ টাকা কমানো হয়েছিল।
এ প্রেক্ষিতে ফাওজুল কবির খান পরিবহন মালিকদের উদ্দেশে বলেন, “জ্বালানি খরচ কমেছে,অতএব অতিরিক্ত ভাড়া আদায়ের কোনো যুক্তি নেই।”
মতামত দিন