জাতীয়
ছবি: সংগৃহীত

ঈদুল আজহায় ১২ ঘণ্টার মধ্যে বর্জ্য পরিষ্কারে প্রস্তুত ডিএসসিসি।

নিজস্ব প্রতিবেদক:

ঈদুল আজহায় কোরবানির পর ১২ ঘণ্টার মধ্যে নগরজুড়ে বর্জ্য অপসারণের লক্ষ্য নির্ধারণ করেছে ঢাকা  দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। এ কাজে ১০ হাজার পরিচ্ছন্নতাকর্মী ও বিপুল সংখ্যক যানবাহন প্রস্তুত রাখা হয়েছে বলে জানিয়েছেন ডিএসসির প্রশাসক শাজাহান মিয়া।

বৃহস্পতিবার (৫ জুন) সকালে ঈদের জামাত, কোরবানির পশুর হাট ও বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে আয়োজিত এক সংবাদ ব্রিফিংয়ে এ তথ্য জানান তিনি।

শাজাহান মিয়া বলেন, “ঈদের দিন বিকেল থেকেই কোরবানির বর্জ্য অপসারণ কার্যক্রম শুরু হবে। ১২ ঘণ্টার মধ্যে পুরো এলাকায় বর্জ্য অপসারণের লক্ষ্যে আমরা সর্বোচ্চ প্রস্তুতি নিয়েছি। প্রয়োজনে অন্যান্য সংস্থা থেকেও গাড়ি নেয়া হবে।”

তিনি আরও জানান, কোথাও যদি বর্জ্য জমে থাকে, সেক্ষেত্রে নগরবাসী হটলাইনে যোগাযোগ করে অভিযোগ জানাতে পারবেন। এজন্য ডিএসসিসির কন্ট্রোল রুম ও হটলাইন ২৪ ঘণ্টা চালু থাকবে।

পশুর হাট নিয়েও কঠোর ব্যবস্থা নেওয়ার কথা জানান প্রশাসক। তিনি বলেন,“ডিএসসিসির আওতাধীন ৮টি কোরবানির হাটের তদারকিতে পৃথক কমিটি রয়েছে। হাটগুলোতে মোবাইল কোর্ট পরিচালিত হচ্ছে এবং আইনশৃঙ্খলা রক্ষায় আনসার সদস্য ও স্বেচ্ছাসেবকরা মাঠে রয়েছে।”

তিনি আশ্বস্ত করেন, কোরবানির ঈদে নগরবাসী যেন স্বস্তিতে থাকেন, সেজন্য বর্জ্য ব্যবস্থাপনা থেকে শুরু  করে হাট পরিচালনায় ডিএসসিসি সর্বোচ্চ সতর্ক রয়েছে।

মতামত দিন