গুমের জন্য দায়ীদের বিচার হবে বাংলাদেশেই: প্রধান উপদেষ্টার প্রেস সচিব।
বাংলাদেশে গুমের সঙ্গে যুক্ত ব্যক্তিদের দেশের মাটিতেই বিচারের মুখোমুখি করা হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
বুধবার (৪ জুন) দুপুরে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি এই মন্তব্য করেন।
শফিকুল আলম বলেন, “গুম-খুনের ঘটনায় জড়িত কেউই দায়মুক্তি পাবে না। প্রধান উপদেষ্টা এ বিষয়ে কঠোর অবস্থান নিয়েছেন। নিখোঁজ থাকা তিন শতাধিক মানুষের সন্ধানে পদক্ষেপ নিতে সংশ্লিষ্ট সংস্থাগুলোকে নির্দেশ দেওয়া হয়েছে।”
ব্রিফিংয়ে তিনি আরও জানান, গুম তদন্তে গঠিত কমিশনের প্রাথমিক তথ্য অনুযায়ী, র্যাবের গোয়েন্দা শাখাই এই অপরাধে সবচেয়ে বেশি জড়িত ছিল। “পদোন্নতি ও ভালো পোস্টিংয়ের লোভে র্যাব সদস্যরা গুম ও হত্যাকাণ্ডে অংশ নেয়,” বলেন প্রেস সচিব।
তিনি জানান, গুম কমিশনের অনুসন্ধানে র্যাবের গোয়েন্দা ইউনিটকে ‘ভয়াবহ হত্যাকারী দল’ হিসেবে চিহ্নিত করা হয়েছে।
গুম-নির্যাতনের ভয়াবহতা স্মরণে ঢাকায় একটি বিশেষ জাদুঘর নির্মাণের পরিকল্পনার কথাও জানান শফিকুল আলম। তার ভাষায়, “গণভবনে একটি ‘হরর মিউজিয়াম’ হবে, যেখানে র্যাবের নির্যাতন, গুম ও গোপন বন্দিশালার চিত্র তুলে ধরা হবে।”
প্রেস সচিব জানান, গুম কমিশনের পূর্ণাঙ্গ প্রতিবেদন আগামীকাল বৃহস্পতিবার (৫ জুন) থেকে ধাপে ধাপে প্রকাশ করা হবে।
সরকারের পক্ষ থেকে স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে—গুমের মত মানবতাবিরোধী অপরাধে কারও ছাড় নেই।
মতামত দিন