পুলিশের জন্য ২০০টি ডাবল কেবিন পিকআপ কিনছে সরকার,খরচ ১৭২ কোটি টাকা।
বুধবার (৪ জুন) সচিবালয়ে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠকে এই প্রস্তাব অনুমোদন পায়। সভায় সভাপতিত্ব করেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।
সংশ্লিষ্ট সূত্র জানায়,২০২৪-২৫ অর্থবছরে পুলিশের মাঠ পর্যায়ের কার্যক্রমে গতিশীলতা আনতেই এসব পিকআপ কেনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ‘ডাইরেক্ট পারচেজ মেথড’ পদ্ধতিতে স্থানীয় প্রতিষ্ঠান প্রগতি ইন্ডাস্ট্রিজ লিমিটেডের মাধ্যমে গাড়িগুলো সংগ্রহ করা হবে।
বৈঠক-পরবর্তী ব্রিফিংয়ে অর্থ উপদেষ্টা জানান, "পুলিশের ব্যবহৃত অনেক গাড়ি পুরনো হয়ে পড়েছে। কার্যক্রম সচল রাখতে নতুন গাড়ির প্রয়োজন রয়েছে।"
এছাড়া বৈঠকে ঢাকার আশেপাশে পুলিশের জন্য একটি হাউজিং প্রকল্পের পরিকল্পনার কথাও তুলে ধরেন তিনি।
একই সভায় আরও কয়েকটি গুরুত্বপূর্ণ প্রকল্পের অনুমোদন দেওয়া হয়। এর মধ্যে রয়েছে—এলএনজি আমদানির কার্যক্রম চালু রাখা, খাদ্য সংরক্ষণের জন্য আধুনিক সাইলো নির্মাণ, রাসায়নিক সার (এমওপি ও টিএসপি) আমদানি, নৌপরিবহনের লাইট হাউজ প্রকল্প এবং জাহাজ সংস্কার খাতে বরাদ্দ।
সরকার আশা করছে, নতুন যানবাহনগুলো যুক্ত হলে পুলিশের সেবা আরও দ্রুত ও কার্যকরভাবে জনগণের দোরগোড়ায় পৌঁছাবে।

মতামত দিন