জাতীয়
ছবি: সংগৃহীত

অভিনব কৌশলে যাত্রী প্রতারণা, সজাগ থাকার আহ্বান পুলিশের।

নিজস্ব প্রতিবেদক:

সম্প্রতি যাত্রীদের টার্গেট করে মাইক্রোবাসে অভিনব কৌশলে প্রতারণার ঘটনায় দেশজুড়ে সতর্কতা জারি করেছে বাংলাদেশ পুলিশ। এককভাবে ভ্রমণ করা ব্যক্তিদের বিশেষভাবে সতর্ক থাকতে অনুরোধ জানানো হয়েছে।

বুধবার (৪ জুন) গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস) ইনামুল হক সাগর জানান, প্রতারক চক্র মাইক্রোবাসে সাধারণ যাত্রী সেজে নির্জন স্থানে যাত্রীদের নিয়ে গিয়ে জিম্মি করছে। পরে মোবাইল ফোনে পরিবারের সদস্যদের কাছ থেকে বিকাশের মাধ্যমে টাকা আদায়ের চেষ্টা করছে।

বিজ্ঞপ্তিতে পুলিশ জানায়, ভ্রমণকালে অপরিচিত যানের প্রলোভনে না পড়ার পরামর্শ দেওয়া হচ্ছে। বিশেষ করে পথিমধ্যে দাঁড়িয়ে থাকা মাইক্রোবাস বা প্রাইভেট কারে না উঠতে যাত্রীদের অনুরোধ জানানো হয়েছে।

এছাড়াও অজ্ঞান পার্টি বা মলম পার্টির মতো প্রতারক চক্র সম্পর্কে সচেতন থাকার আহ্বান জানানো হয়। কোনো অপরিচিত ব্যক্তির কাছ থেকে খাদ্য গ্রহণ না করার পরামর্শও দেওয়া হয়।

পুলিশ বলছে, একাকী ভ্রমণ করার সময় নিজের অবস্থান ও গন্তব্য সম্পর্কে নিকটজনকে অবহিত রাখুন। যেকোনো সন্দেহজনক পরিস্থিতিতে দ্রুত স্থানীয় থানা বা ৯৯৯ নম্বরে যোগাযোগ করুন।

মতামত দিন