জাতীয়
ছবি: সংগৃহীত

ভুল সংবাদে বিভ্রান্তি ছড়ালে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে: উপ-প্রেস সচিবের হুঁশিয়ারি।

নিজস্ব প্রতিবেদক:

মুক্তিযোদ্ধাদের স্বীকৃতি বাতিল সংক্রান্ত একটি সংবাদপত্রের প্রতিবেদনকে ‘ভিত্তিহীন ও ভুয়া’ বলে উড়িয়ে দিয়েছেন প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আজাদ মজুমদার। তিনি বলেন, এতে জাতিকে বিভ্রান্ত করার চেষ্টা করা হয়েছে এবং সরকার এই ধরনের সংবাদ প্রকাশে ভবিষ্যতে আইনানুগ ব্যবস্থা নেবে।

বুধবার (৪ জুন) দুপুরে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক ব্রিফিংয়ে তিনি বলেন, “মুজিবনগর সরকারের যাঁরা দায়িত্বে ছিলেন, তাঁরা মুক্তিযোদ্ধা—এ স্বীকৃতি নতুন কিছু নয়।কারও সম্মানহানি হয়নি।”

তিনি আরও বলেন, “মুক্তিযোদ্ধাদের নিয়ে যেসব সংবাদ প্রকাশিত হয়েছে, তা ভুল এবং বিভ্রান্তিকর। যারা এই সংবাদ প্রকাশ করেছে, আশা করি তারা সংশোধনী প্রকাশ করে দুঃখপ্রকাশ করবে।”

এদিকে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক ই আজম স্পষ্ট করে জানিয়েছেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং জাতীয় চার নেতা—সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দীন আহমদ,মো.মনসুর আলী ও এ এইচ এম কামরুজ্জামান—মুক্তিযোদ্ধা হিসেবেই বিবেচিত হবেন।

তিনি বলেন, “মুজিবনগর সরকারে যাঁরা সক্রিয়ভাবে নেতৃত্ব দিয়েছেন, তাঁরা সরাসরি মুক্তিযোদ্ধা। তবে সে সরকারের কর্মকর্তারা সহযোগী মুক্তিযোদ্ধা হিসেবে চিহ্নিত হবেন।সংবাদমাধ্যমের কিছু ভুল ব্যাখ্যার কারণেই বিভ্রান্তি তৈরি হয়েছে।”

সরকার স্পষ্ট জানিয়েছে, জাতির বীরদের মর্যাদা ও সম্মান রক্ষায় কোনো আপস করা হবে না।

মতামত দিন