জাতীয়
ছবি: সংগৃহীত

পটুয়াখালীতে নারী নেত্রীর অভিযোগে দুই পুলিশ সদস্য ক্লোজড।

নিজস্ব প্রতিবেদক:

পটুয়াখালীতে এক নারী রাজনৈতিক নেত্রীর সঙ্গে অসদাচরণের অভিযোগে দুই পুলিশ সদস্যকে ক্লোজড করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে। অভিযুক্তরা সদর থানায় কর্মরত কনস্টেবল জয় দাস ও আবু বকর।

অভিযোগকারীর নাম জিনাত জাহান।তিনি বৈষম্যবিরোধী আন্দোলনের সংগঠক এবং জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পটুয়াখালী জেলা শাখার নেত্রী। সোমবার (২ জুন) তিনি জেলা পুলিশ সুপারের কাছে লিখিত অভিযোগ দেন। অভিযোগের ভিত্তিতে রাতেই ব্যবস্থা নেয়া হয় বলে জানান অতিরিক্ত পুলিশ সুপার সাজাদুল ইসলাম স্বজল।

জিনাত জাহান জানান, গত রবিবার (১ জুন) বিকেলে মোবাইল সিম সংক্রান্ত একটি সমস্যায় তিনি সদর  থানায় যান। সেখানে কর্তব্যরত কনস্টেবল আবু বকর ও জয় দাস প্রথমে তার রাজনৈতিক পরিচয় জানতে চান।এনসিপি নেত্রী হিসেবে পরিচয় জানালে তারা দলের নাম বিকৃত করে উপহাস ও কটূক্তি করেন।অভিযোগ অনুযায়ী, তারা তাকে দীর্ঘক্ষণ বসিয়ে রাখেন এবং একাধিকবার অনুরোধ সত্ত্বেও কোনো সহযোগিতা করেননি।

পরে এসআই ইসরাইল ঘটনাস্থলে এসে তার সমস্যার সমাধান করেন এবং প্রয়োজনীয় তথ্য হোয়াটসঅ্যাপে পাঠানোর নির্দেশ দেন।

অতিরিক্ত পুলিশ সুপার সাজাদুল ইসলাম বলেন, "ভুক্তভোগীর অভিযোগ পাওয়ার পরপরই আমরা বিষয়টি গুরুত্ব দিয়ে দেখি এবং অভিযুক্ত দুই সদস্যকে ক্লোজড করে পুলিশ লাইনে সংযুক্ত করি।"

এ ঘটনায় পটুয়াখালীতে পুলিশি আচরণ ও পেশাদারিত্ব নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। ঘটনাটি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমেও আলোচনা শুরু হয়েছে।

মতামত দিন