১১-২৮ জুন দিনে ১ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়।
নিজস্ব প্রতিবেদক:
বসুন্ধরা ১৩২/৩৩ কেভি গ্রিড উপকেন্দ্রের সোর্স লাইনের সক্ষমতা বৃদ্ধির কাজের জন্য রাজধানীর কয়েকটি এলাকায় টানা ১৮ দিন ধরে দিনে এক ঘণ্টা করে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে বলে জানিয়েছে ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি লিমিটেড (ডেসকো)।
বুধবার (৪ জুন) এক বিজ্ঞপ্তিতে প্রতিষ্ঠানটি জানায়, আগামী ১১ জুন থেকে ২৮ জুন পর্যন্ত বনানী, বারিধারা, জোয়ারসাহারা, বসুন্ধরা ও খিলক্ষেত এলাকায় প্রতিদিন একাধিকবার বিদ্যুৎ বিভ্রাট হতে পারে।
তবে প্রতিবারের এই বিদ্যুৎবিহীন সময় এক ঘণ্টার বেশি হবে না বলে আশ্বস্ত করেছে ডেসকো।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বসুন্ধরা গ্রিড উপকেন্দ্রের সোর্স লাইনের সক্ষমতা বাড়াতে এই উন্নয়নকাজ চালানো হবে। ফলে নির্দিষ্ট এলাকাগুলোর কিছু অংশে নির্ধারিত সময় অনুসারে সীমিত সময়ের জন্য বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখতে হচ্ছে।
ডেসকো জানিয়েছে, গ্রাহকদের সাময়িক এই অসুবিধার জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করা হচ্ছে। একইসঙ্গে নিরবচ্ছিন্ন ও স্থিতিশীল বিদ্যুৎ সেবার জন্য সহযোগিতা কামনা করেছে সংস্থাটি।
মতামত দিন