ব্রাহ্মণবাড়িয়ায় গ্যাস সিলিন্ডার বোঝাই ট্রাক উল্টে ভয়াবহ বিস্ফোরণ।
ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোজাফর হোসেন গণমাধ্যমকে জানান, ট্রাকটি ঢাকা থেকে বর্ডার বাজারের দিকে যাচ্ছিল। দুর্বল ও খানাখন্দে ভরা সড়ক দিয়ে চলার সময় ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে থাকা একটি প্রাইভেটকারের ওপর উল্টে পড়ে। সঙ্গে সঙ্গেই আগুন ধরে যায় এবং একের পর এক সিলিন্ডার বিস্ফোরিত হতে থাকে।
প্রত্যক্ষদর্শী মাহাবুব রহমান জানান, দুর্ঘটনার সময় প্রাইভেটকারটি রাস্তার পাশে দাঁড়িয়ে ছিল। হঠাৎ ট্রাকটি তার ওপর পড়ে গেলে মুহূর্তেই আগুন ধরে যায়। পরে তিনি ৯৯৯-এ ফোন করে পুলিশ ও ফায়ার সার্ভিসকে খবর দেন।
স্থানীয় বাসিন্দা অ্যাডভোকেট লোকমান হোসেন বলেন, “বিস্ফোরণের তীব্র শব্দে ঘুম ভেঙে যায়।জানালা দিয়ে দেখি আগুনে রাস্তা জ্বলছে। এই সড়কটি দীর্ঘদিন ধরে জরাজীর্ণ অবস্থায় রয়েছে। প্রায়ই এখানে ছোটখাটো দুর্ঘটনা ঘটে।”
ঘটনার পর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। ফায়ার সার্ভিসের উপপরিচালক নিউটন দাস জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, প্রাইভেটকারের ইঞ্জিন থেকেই আগুনের সূত্রপাত হয়, যা পরে সিলিন্ডারে বিস্ফোরণ ঘটায়। প্রায় ২০০টির বেশি সিলিন্ডার বিস্ফোরিত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
ওসি মোজাফর হোসেন বলেন, খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে যান চলাচল স্বাভাবিক রাখতে বিকল্প রুট চালু করে। ভোর ৬টার দিকে আংশিকভাবে সড়ক খুলে দেওয়া হয় এবং সকাল ১১টা ৩০ মিনিট পর্যন্ত সড়ক পরিষ্কার ও উদ্ধার কাজ চলে।
দুর্ঘটনায় বড় ধরনের প্রাণহানির ঘটনা না ঘটায় স্বস্তি প্রকাশ করেছেন স্থানীয়রা।তবে তারা ক্ষতিগ্রস্ত সড়কটি দ্রুত মেরামতের দাবি জানিয়েছেন।
মতামত দিন