জাতীয়
ছবি: সংগৃহীত

কর্ণফুলীতে ট্রলারের রশি ছিঁড়ে দুর্ঘটনা, প্রাণ গেল দুই শ্রমিকের।

নিজস্ব প্রতিবেদক:

চট্টগ্রামের কর্ণফুলী নদীতে মাছ ধরার একটি ট্রলারের সঙ্গে নোঙর করা অবস্থায় থাকা আরেকটি ট্রলারের রশি ছিঁড়ে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। সোমবার (২ জুন) রাতে সদরঘাট এলাকায় ‘এফভি সিহার্ট-১’ নামের ট্রলারটিতে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহতদের নাম মো. আলতাফ হোসেন (৪৫) ও মো. নুর উদ্দিন (২৫)। তাদের বাড়ি নোয়াখালীর হাতিয়ায়। আলতাফ ছিলেন ট্রলারের সুকানি এবং নুর উদ্দিন বাবুর্চির দায়িত্বে ছিলেন বলে জানা গেছে।

নৌ-পুলিশ সদরঘাট থানার ওসি মোহাম্মদ নিজাম উদ্দিন জানান, সিহার্ট-১ ট্রলারটি একটি যান্ত্রিক সমস্যাগ্রস্ত ট্রলারকে টেনে তীরে নিয়ে আসছিল। নদীর তীরের কাছে পৌঁছাতেই টান দিয়ে বাঁধা মোটা রশিটি হঠাৎ ছিঁড়ে গিয়ে প্রচণ্ড গতিতে গিয়ে আঘাত হানে সিহার্ট ট্রলারে থাকা দুইজনের ওপর। তারা তখনই নদীতে পড়ে যান।

ওসি জানান, তীরের কাছাকাছি হওয়ায় পানি বেশি ছিল না। ঘটনাস্থলে থাকা অন্য শ্রমিকরা দুজনকে উদ্ধার করলেও ততক্ষণে তারা প্রাণ হারান। মরদেহ দুটি উদ্ধার করে রাতেই চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

মতামত দিন