জাতীয়
ছবি: সংগৃহীত

দুই দিনে রাজশাহীতে ৪ চিকিৎসকসহ ১১ জনের করোনা শনাক্ত।

নিজস্ব প্রতিবেদক:

রাজশাহীতে করোনাভাইরাস সংক্রমণ আবারও উদ্বেগজনকভাবে বাড়তে শুরু করেছে। গত দুই দিনে নতুন করে ১১ জনের শরীরে কোভিড-১৯ শনাক্ত হয়েছে।
আক্রান্তদের মধ্যে রয়েছেন চারজন চিকিৎসকও।

রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) সূত্রে জানা গেছে, নতুন শনাক্ত রোগীদের একজনকে শ্বাসকষ্টজনিত কারণে রামেক হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকি সবাই নিজ নিজ বাসায় চিকিৎসকের পরামর্শ অনুযায়ী চিকিৎসা নিচ্ছেন।

রামেকের অধ্যক্ষ অধ্যাপক ডা. খন্দকার মো. ফয়সল আলম জানিয়েছেন, ১ জুন কলেজের মাইক্রোবায়োলজি বিভাগের পিসিআর ল্যাবে দুজনের নমুনা পরীক্ষা করা হলে দুজনই করোনা পজিটিভ হিসেবে শনাক্ত হন।এদের মধ্যে একজন হাসপাতালে চিকিৎসাধীন।

পরদিন ২ জুন আরও ১৫ জনের নমুনা পরীক্ষা করে ৯ জনের শরীরে করোনাভাইরাসের উপস্থিতি শনাক্ত হয়। এ নিয়ে দুই দিনে মোট ১১ জনের রিপোর্ট পজিটিভ এসেছে।

অধ্যাপক ফয়সল আলম বলেন, “আক্রান্ত সবাই একই ধরনের উপসর্গে ভুগছেন— হালকা জ্বর, সর্দি, কাশি ও  গা ব্যথা রয়েছে। আজ যারা পজিটিভ হয়েছেন, তাদের পরিবারের অন্য সদস্যরাও একই উপসর্গে আক্রান্ত।”

রাজশাহী অঞ্চলে করোনা পরিস্থিতি দীর্ঘ সময় স্থিতিশীল থাকলেও সাম্প্রতিক এই সংক্রমণ বাড়ার ঘটনা স্বাস্থ্য বিভাগের কাছে নতুন করে সতর্কবার্তা হয়ে এসেছে বলে মনে করা হচ্ছে।

মতামত দিন