জাতীয়
ছবি: সংগৃহীত

যমুনা সেতু মহাসড়কে মাইক্রোবাস দুর্ঘটনায় একই পরিবারের ৩ জন নিহত।

নিজস্ব প্রতিবেদক:

ঢাকা-টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কের বাসাইল উপজেলার করাতিপাড়া বাইপাস এলাকায় দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে মাইক্রোবাসের সংঘর্ষে একই পরিবারের তিনজন প্রাণ হারিয়েছেন। আহত হয়েছেন আরও দুজন।
নিহতরা সবাই ঈদ উপলক্ষে গ্রামের বাড়িতে ফিরছিলেন।

মঙ্গলবার (৩ জুন) সকাল ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে। বাসাইল থানার ওসি জালাল উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহতদের মধ্যে রয়েছেন শেরপুর সদর উপজেলার আমজাদ হোসেন এবং তার দুই ছেলে—আতুল ও অতুল। পুলিশ জানায়, পরিবারের সবাই একটি মাইক্রোবাসে করে ঢাকা থেকে শেরপুরে ফিরছিলেন। পথে করটিয়া এলাকায় নাস্তার জন্য বিরতি নেওয়ার কথা থাকলেও করাতিপাড়া বাইপাসে পৌঁছে মাইক্রোবাসটি সামনে দাঁড়িয়ে থাকা একটি ট্রাককে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই বাবা-ছেলের মৃত্যু হয়।

দুর্ঘটনার পর পুলিশ ও স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। নিহতদের মরদেহ জামুর্কি হাসপাতালের মর্গে রাখা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

এ ঘটনায় মহাসড়কে কিছু সময়ের জন্য যান চলাচল বিঘ্নিত হয়। পরে পুলিশ দুর্ঘটনাকবলিত গাড়িগুলো  সরিয়ে নিলে স্বাভাবিক হয় যান চলাচল।

মতামত দিন