জাতীয়
ছবি: সংগৃহীত

২৪ ঘণ্টায় করোনা শনাক্ত ৫০ শতাংশ।

নিজস্ব প্রতিবেদক:

দেশে আবারও করোনাভাইরাসে শনাক্তের হার উদ্বেগজনকভাবে বেড়েছে। সর্বশেষ ২৪ ঘণ্টায় ২৮ জনের নমুনা পরীক্ষা করে ১৪ জনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে, যা শনাক্তের হারে দাঁড়ায় ৫০ শতাংশে।
তবে স্বস্তির বিষয়, এই সময়ে কেউ মারা যাননি।

সোমবার (২ জুন) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়,দেশে এখন পর্যন্ত মোট করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২০ লাখ ৫১ হাজার ৭২০ জনে। তবে মৃত্যুর মোট সংখ্যা অপরিবর্তিত রয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের হিসাব অনুযায়ী, দেশে মহামারি শুরুর পর থেকে এ পর্যন্ত করোনা শনাক্তের গড় হার ১৩ দশমিক ০৫ শতাংশ। অথচ সর্বশেষ দিনে তা বেড়ে দাঁড়ায় ৫০ শতাংশে,যা স্বাস্থ্য বিশ্লেষকদের দুশ্চিন্তার কারণ হতে পারে।

প্রসঙ্গত, ২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম কোভিড-১৯ সংক্রমণ শনাক্ত হয় এবং ১৮ মার্চ প্রথম মৃত্যুর খবর আসে। মহামারির সবচেয়ে ভয়াবহ সময় ছিল ২০২১ সালের আগস্ট মাস, যখন ৫ ও ১০ তারিখে সর্বোচ্চ ২৬৪ জন করে মৃত্যুবরণ করেছিলেন।

বিশেষজ্ঞরা বলছেন, শনাক্তের হার হঠাৎ বাড়লেও নমুনা পরীক্ষার পরিমাণ কম হওয়ায় এই হার বিভ্রান্তিকর হতে পারে। তবু স্বাস্থ্যবিধি মানা ও সচেতনতা অব্যাহত রাখার পরামর্শ দিয়েছেন তারা।

মতামত দিন