এক মাসে ১২ কেজির এলপিজির সিলিন্ডার দাম কমেছে ২৮ টাকা।
সোমবার (২ জুন) রাজধানীতে বিইআরসির প্রধান কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ নতুন দর ঘোষণা করেন সংস্থার চেয়ারম্যান জালাল আহমেদ। তিনি জানান, নতুন দর সোমবার সন্ধ্যা ৬টা থেকে কার্যকর হয়েছে।
প্রতি কেজিতে নতুন দর ১১৬.৯৪ টাকা
ভ্যাটসহ এলপিজির নতুন দাম নির্ধারণ করা হয়েছে প্রতি কেজি ১১৬ টাকা ৯৪ পয়সা, যেখানে আগের মাসে তা ছিল ১১৯ টাকা ২৪ পয়সা। অর্থাৎ, জুন মাসে প্রতি কেজিতে কমানো হয়েছে ২ টাকা ৩০ পয়সা। নতুন এই কেজি-দর অনুযায়ীই বিভিন্ন আকারের সিলিন্ডারের দাম সমন্বয় করা হবে।
গাড়ির জন্য এলপিজি ও সরকারি সিলিন্ডারের দাম অপরিবর্তিত
সরকারি কোম্পানির সরবরাহ করা ১২.৫ কেজির সিলিন্ডারের দাম এ মাসেও অপরিবর্তিত থাকছে—৮২৫ টাকা। অন্যদিকে, যানবাহনে ব্যবহৃত এলপিজি বা অটোগ্যাসের নতুন দর নির্ধারণ করা হয়েছে প্রতি লিটার ৬৪ টাকা ৩০ পয়সা, যা আগের মাসে ছিল ৬৫ টাকা ৫৭ পয়সা।
সৌদি সিপিকে ভিত্তি ধরে দাম সমন্বয়
২০২১ সালের এপ্রিল থেকে প্রতি মাসেই এলপিজির দাম নির্ধারণ করে আসছে বিইআরসি। মূলত সৌদি আরবভিত্তিক প্রতিষ্ঠান আরামকোর নির্ধারিত সৌদি কার্গো মূল্য (Saudi Aramco CP) অনুযায়ী—প্রোপেন ও বিউটেনের আন্তর্জাতিক দর অনুসারে—এদেশে এলপিজির দাম নির্ধারণ করা হয়। আমদানিকারক প্রতিষ্ঠানগুলোর ইনভয়েস এবং গড় ডলারের বিনিময় হার বিবেচনায় নিয়ে বিইআরসি দেশীয় বাজারে এই দাম সমন্বয় করে থাকে।
নির্ধারিত দাম মানা নিয়ে প্রশ্ন
বিইআরসি নিয়মিতভাবে এলপিজির দাম নির্ধারণ করলেও বাজারে তা যথাযথভাবে বাস্তবায়ন নিয়ে প্রশ্ন রয়েছে। অভিযোগ রয়েছে, অনেক জায়গায় নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে এলপিজি বিক্রি হয়। গৃহস্থালি পর্যায়ে সবচেয়ে বেশি ব্যবহৃত ১২ কেজির সিলিন্ডারটির দাম পরিবর্তনের ফলে কিছুটা স্বস্তি পেলেও বাস্তবে ভোক্তারা আদৌ তা উপভোগ করতে পারবেন কি না, তা নিয়ে সংশয় রয়ে যাচ্ছে।
মতামত দিন