জাতীয়
ছবি: সংগৃহীত

নির্বাচন কমিশনের জন্য বরাদ্দ ২৯৫৬ কোটি টাকা।

নিজস্ব প্রতিবেদক:

সংসদ না থাকা অবস্থায় ২০২৫-২৬ অর্থবছরের বাজেট উপস্থাপন করেছেন অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। সোমবার (২ জুন) বিকেল ৩টায় বাংলাদেশ টেলিভিশন ও বেতারে সম্প্রচারিত বাজেট ভাষণে তিনি এ বছরের বাজেটের আকার ও কাঠামো তুলে ধরেন।

নতুন অর্থবছরে মোট ব্যয় প্রাক্কলন করা হয়েছে ৭ লাখ ৭২ হাজার ১০৬ কোটি টাকা, যার বড় একটি অংশই বরাদ্দ পেয়েছে অর্থ বিভাগ। নির্বাচন কমিশন সচিবালয়ের জন্য বরাদ্দ রাখা হয়েছে ২ হাজার ৯৫৬ কোটি টাকা।

স্বাধীনতার পর এই প্রথম কোনো অর্থবছরের বাজেট আগের বছরের তুলনায় ছোট হলো। চলতি অর্থবছরের মূল বাজেট থেকে ৭ হাজার কোটি টাকা কমিয়ে এ বাজেট তৈরি করা হয়েছে।

সাবেক বাংলাদেশ ব্যাংকের গভর্নর সালেহউদ্দিন আহমেদের জন্য এটি ছিল অর্থ উপদেষ্টা হিসেবে প্রথম বাজেট। বাজেট বক্তৃতায় তিনি বলেন, "বাস্তবতাকে গুরুত্ব দিয়ে ব্যয়ের পরিমাণ কমানো হয়েছে। ঘাটতি নিয়ন্ত্রণে রাখা এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ।"

তিনি আরও জানান, বাজেটটি সংস্কারমূলক ভিত্তির ওপর দাঁড়িয়ে তৈরি করা হয়েছে, যাতে উন্নয়নের সুফল সবার কাছে পৌঁছায় এবং একটি টেকসই কাঠামো প্রতিষ্ঠা করা যায়।

এর আগে, সর্বশেষ সংসদের বাইরে বাজেট উপস্থাপিত হয়েছিল ২০০৮ সালে তত্ত্বাবধায়ক সরকারের সময়। তখন অর্থ উপদেষ্টা এ বি মির্জ্জা মো. আজিজুল ইসলাম ৯৯ হাজার ৯৬২ কোটি টাকার বাজেট দিয়েছিলেন।

এ বছরের বাজেট কার্যকরের ক্ষেত্রেও থাকছে বিশেষ ব্যবস্থা। আগামী ৩০ জুন রাষ্ট্রপতি বাজেট অধ্যাদেশে সই করবেন এবং ১ জুলাই থেকে তা কার্যকর হবে।তবে বাজেটে প্রস্তাবিত ট্যাক্স ও কাস্টমস সংক্রান্ত বিধানগুলো ২ জুন থেকেই কার্যকর ধরা হচ্ছে।

মতামত দিন