জাতীয়
ছবি: সংগৃহীত

উলিপুরে ট্রেনে কাটা পড়ে বিজিবির সাবেক সদস্যের মৃত্যু।

নিজস্ব প্রতিবেদক:

কুড়িগ্রামের উলিপুরে চলন্ত ট্রেনে কাটা পড়ে মোস্তাফিজুর রহমান মজনু (৬৫) নামের বর্ডার গার্ড বাংলাদেশের (সাবেক বিডিআর) এক সাবেক সদস্যের মর্মান্তিক মৃত্যু হয়েছে। রোববার (১ জুন) দুপুর তিনটার দিকে পৌরসভার হায়াৎখাঁ গাবেরতল এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

মোস্তাফিজুর উপজেলার ধরনীবাড়ী ইউনিয়নের মাদারটারি গ্রামের বাসিন্দা ও মৃত আব্দুল জলিলের পুত্র। বিষয়টি উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিল্লুর রহমান নিশ্চিত করেছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, চিলমারীর রমনা থেকে ছেড়ে আসা পার্বতীপুরগামী একটি লোকাল ট্রেন উলিপুর স্টেশন অতিক্রম করে হায়াৎখাঁ গাবেরতল এলাকায় পৌঁছালে, রেললাইন ধরে হাঁটার সময় ট্রেনে কাটা পড়ে  ঘটনাস্থলেই নিহত হন মোস্তাফিজুর।

স্থানীয়রা আরও জানান, দুর্ঘটনার আগেই তিনি লাইনের উপর বসে ছিলেন। তার হাতে একটি ওষুধের প্রেসক্রিপশন ছিল এবং তাকে কিছুটা বিমর্ষ মনে হচ্ছিল।

নিহতের ছোট ভাই স্কুল শিক্ষক মিজানুর রহমান জানান, মোস্তাফিজুর এক সময় বিডিআরে চাকরি করতেন। মাত্র ৯ বছর চাকরি করার পর অবসরে যান। এরপর থেকেই মানসিক সমস্যায় ভুগছিলেন। গত সপ্তাহে চিকিৎসকের পরামর্শ নেওয়া হয় এবং আজ সকালে প্রেসক্রিপশন হাতে নিয়েই তিনি বাড়ি থেকে বের হন। বিকেলে পরিবারের লোকজন তার মৃত্যুর খবর পান।

ঘটনার বিষয়ে ওসি জিল্লুর রহমান বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি এবং রেলওয়ে কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে।

এদিকে লালমনিরহাট রেলওয়ে থানার ডিউটি অফিসার আলতাফ হোসেন জানান, দুর্ঘটনার বিষয়টি জানার পর রেলওয়ে পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে।

মতামত দিন