জাতীয়
ছবি: সংগৃহীত

গাজীপুরের রাজেন্দ্রপুর সেনানিবাসে এক সৈনিকের আত্মহত্যা।

নিজস্ব প্রতিবেদক:

গাজীপুরের রাজেন্দ্রপুর সেনানিবাসে এস এম সৌরভ  নামে বাংলাদেশ সেনাবাহিনীর এক সৈনিক আত্মহত্যা করেছেন। রবিবার (১ জুন) ভোর ৫টার দিকে তিনি নিজের গলায় গামছা পেঁচিয়ে আত্মহত্যা করেন বলে জানিয়েছে সেনাবাহিনী।

নিহত সৌরভ সেন্ট্রাল ওয়ার্কশপে কর্মরত ছিলেন। তার বাড়ি ঝিনাইদহ জেলায়।

সেনাবাহিনীর প্রাথমিক তদন্তে জানা গেছে, ল্যান্স কর্পোরেল ইয়াসির আরাফাতের মোবাইল ফোনে থাকা ১৪ হাজার টাকা নিজের মোবাইলে হস্তান্তর করেন সৌরভ।মোবাইলটি ফেরত দিতে গিয়ে ইয়াসির তাকে হাতেনাতে ধরে ফেলেন। এরপর থেকেই সৌরভ নজরবন্দী অবস্থায় ছিলেন।

রবিবার ভোরে সৌরভ ওয়াশরুমে যাওয়ার কথা বললে, গার্ডপ্রহরী তাকে সঙ্গ দিয়ে নিয়ে যান। তবে ওয়াশরুমে যাওয়ার দীর্ঘ সময় পরও সৌরভ বের না হওয়ায় প্রহরী তাকে ডাকাডাকি করতে থাকেন। কোনো সাড়া না পেয়ে প্রহরীরা দরজা ভাঙেন, কিন্তু সৌরভকে সেখানে খুঁজে পাওয়া যায়নি।

পরে ওয়াশরুমের পাশে থাকা একটি সাইড জানালা খোলা দেখে একজন প্রহরী সেখান দিয়ে উঁকি দিলে দেখতে পান, পাশের ভবনের নির্মাণাধীন কাঠামোর বাঁশের সঙ্গে গলায় গামছা পেঁচানো অবস্থায় ঝুলছেন সৌরভ।

এ ঘটনায় যথাযথ তদন্ত চলছে বলে সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে।

মতামত দিন