জাতীয়
ছবি: সংগৃহীত

তিস্তা নদীতে পানির চাপ, খুলে দেওয়া হলো ৪৪টি গেট।

নিজস্ব প্রতিবেদক:

উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও কয়েকদিনের ভারি বর্ষণের প্রভাবে বাড়তে শুরু করেছে তিস্তা নদীর পানি। রোববার (১ জুন) সকাল ৯টায় ডালিয়া পয়েন্টে নদীর পানিপ্রবাহ রেকর্ড করা হয়েছে ৫১ দশমিক ৮৬ মিটার, যা বিপৎসীমার (৫২.১৫ মিটার) ৩০ সেন্টিমিটার নিচে অবস্থান করছে।

পানির এই আকস্মিক বৃদ্ধি মোকাবিলায় তিস্তা ব্যারাজের ৪৪টি গেট খুলে দিয়েছে কর্তৃপক্ষ। নদী তীরবর্তী মানুষজনের দাবি, এই পানি বৃদ্ধির কারণে লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার দহগ্রাম ইউনিয়নের তিস্তা চরাঞ্চলগুলো ঝুঁকিতে রয়েছে।

তিস্তা পাড়ের ৭৬টি চর এলাকা বরাবরই বন্যায় সবচেয়ে আগে আক্রান্ত হয়। এসব অঞ্চলে বসবাসকারী মানুষজন মূলত নিচু জমিতে ঘরবাড়ি গড়ে তুলেছেন, ফলে অল্প সময়েই প্লাবনের শিকার হন।

স্থানীয় বাসিন্দা সাকিবুল ইসলাম জানান, প্রতি বছর বন্যা হলে সর্বস্ব হারাতে হয়। “ফসল, পশু, ঘরের জিনিস—কিছুই রক্ষা করতে পারি না। এবারও দুশ্চিন্তায় দিন কাটছে,” বলেন তিনি।

তিস্তা ব্যারাজের পানি পরিমাপক নূরুল ইসলাম জানান, কয়েকদিনের বৃষ্টিতে পানি বাড়তে থাকায় সব গেট খুলে দেওয়া হয়েছে যাতে পানির চাপ নিয়ন্ত্রণে রাখা যায়। যদিও পানি উন্নয়ন বোর্ড সরাসরি বন্যার সম্ভাবনা উড়িয়ে দিচ্ছে, তবে স্থানীয়দের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।

উল্লেখ্য, তিস্তা নদীর আচরণ বরাবরই হঠাৎ পরিবর্তনশীল। এ কারণে প্রতি বছর বর্ষা মৌসুমে চরাঞ্চলবাসীকে নানা দুর্ভোগের মধ্য দিয়ে যেতে হয়। পানি না কমলে আগামী কয়েকদিনের মধ্যেই নিচু এলাকায় পানি প্রবেশ করতে পারে বলে আশঙ্কা করছেন স্থানীয়রা।

মতামত দিন