উজানের ঢল ও বৃষ্টিতে তিস্তার পানি বাড়ছে, বন্যার আশঙ্কায় তীরবর্তী বাসিন্দারা।
রোববার (১ জুন) সকাল ৯টায় তিস্তা ব্যারাজের ডালিয়া পয়েন্টে পানি রেকর্ড করা হয়েছে ৫১ দশমিক ৮৫ সেন্টিমিটার, যা এখনো বিপৎসীমার ৩০ সেন্টিমিটার নিচে। এর আগের দিন শনিবার বিকেল ৩টায় এই পয়েন্টে পানি ছিল ৫১ দশমিক ২৭ সেন্টিমিটার।
পানির প্রবাহ বাড়ায় ব্যারাজ কর্তৃপক্ষ তিস্তা ব্যারাজের ৪৪টি জলকপাট খুলে দিয়েছে, যাতে করে পানি স্বাভাবিকভাবে প্রবাহিত হতে পারে।
এদিকে পানি বাড়ায় চরাঞ্চলের নিচু এলাকায় ধানসহ অন্যান্য ফসলের ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় কৃষকরা। নদীর তীরবর্তী গ্রামগুলোতে ইতিমধ্যে জলাবদ্ধতা দেখা দিয়েছে এবং মানুষজন তাদের বাড়িঘরের আশপাশে পানি ঢুকে পড়ার শঙ্কায় রয়েছে।
হাতীবান্ধা উপজেলার গড্ডিমারী ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জিয়াউল হক জিয়া বলেন, কয়েকদিনের টানা বৃষ্টিতে তিস্তার পানি অব্যাহতভাবে বাড়ছে। আমার ইউনিয়নের কিছু কিছু এলাকায় ইতোমধ্যে পানি প্রবেশ করেছে।
লালমনিরহাট পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী শুনীল কুমার জানান, উজানের ভারতীয় এলাকা সিকিমে ভারি বৃষ্টিপাতের কারণে তিস্তার পানি দ্রুত বাড়ছে। যদিও এখনো পানি বিপৎসীমার নিচে রয়েছে, তবুও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সতর্ক রয়েছে এবং পরিস্থিতি পর্যবেক্ষণ করছে।
স্থানীয়রা বলছেন, বিগত বছরের অভিজ্ঞতা অনুযায়ী, পরিস্থিতি অবনতির দিকে গেলে আগাম প্রস্তুতি ছাড়া বড় ধরনের ক্ষতি ঠেকানো কঠিন হয়ে যাবে। এ অবস্থায় দ্রুত পূর্ব সতর্কতা কার্যকর করার আহ্বান জানাচ্ছেন তারা।
মতামত দিন