জাতীয়
ছবি: সংগৃহীত

ত্রিপুরার ঢলে আখাউড়ার গ্রাম প্লাবিত, স্থলবন্দর এলাকায় বাড়ছে পানি।

নিজস্ব প্রতিবেদক:

ভারতের ত্রিপুরা রাজ্য থেকে আসা পাহাড়ি ঢল ও টানা বর্ষণে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার  সীমান্তবর্তী এলাকাগুলো পানিতে ডুবে গেছে। হঠাৎ পানি বাড়ায় প্লাবিত হয়েছে কালিকাপুর, বীরচন্দ্রপুর, আব্দুল্লাহপুর ও বঙ্গেরচর গ্রামের একাংশ।

এতে বিপাকে পড়েছেন এসব এলাকার সাধারণ মানুষ।

রবিবার (১ জুন) সকালে আখাউড়া স্থলবন্দর ঘুরে দেখা যায়, কলন্দি খাল, জাজি গাং, মরা গাং এবং হাওড়া নদী দিয়ে প্রবল বেগে পানি প্রবেশ করছে। ফলে গ্রামগুলোতে রাস্তাঘাট পানিতে তলিয়ে যেতে শুরু করেছে।

স্থানীয় বাসিন্দারা জানান, শনিবার রাত থেকে পানি প্রবেশ শুরু হয়েছে। ভোররাতের পর থেকে পরিস্থিতির আরও অবনতি হয়। অনেক বাড়িঘরের সামনে পানি উঠতে শুরু করেছে।

পানির এই অবস্থায় আখাউড়া স্থলবন্দর-সংলগ্ন এলাকায়ও জলাবদ্ধতা দেখা দিয়েছে। বন্দরের মৎস্য রপ্তানিকারক অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. ফারুক মিয়া জানান, স্থলবন্দরের আশপাশ ইতোমধ্যে পানিতে তলিয়ে গেছে। যদিও এখনো রপ্তানিতে বড় ধরনের সমস্যা হয়নি, তবে পানি যেভাবে বাড়ছে তাতে আখাউড়া-আগরতলা সড়ক তলিয়ে যাওয়ার আশঙ্কা করছেন তারা। সড়ক ডুবে গেলে বাংলাদেশ-ভারতের মধ্যে পণ্যবাহী পরিবহন বন্ধ হয়ে পড়তে পারে।

পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. মনজুর রহমান বলেন, হাওড়া নদীর পানি বর্তমানে স্বাভাবিকের চেয়ে ৩০-৪০ সেন্টিমিটার বেশি হলেও তা বিপৎসীমার নিচে রয়েছে। তিনি জানান, পরিস্থিতি নজরে রাখা  হচ্ছে এবং জরুরি ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি আছে।

স্থানীয়রা বলছেন, প্রতি বছর বর্ষা মৌসুমে এই অঞ্চল প্লাবিত হয়। কিন্তু ত্রিপুরা সীমান্ত দিয়ে হঠাৎ ঢল নামলে পরিস্থিতি সামাল দেওয়া কঠিন হয়ে পড়ে। দ্রুত পানি নিস্কাশনের ব্যবস্থা না হলে এই প্লাবন আরও বিস্তৃত হতে পারে বলে আশঙ্কা স্থানীয় প্রশাসন ও বাসিন্দাদের।


মতামত দিন