জাতীয়
ছবি: সংগৃহীত

কুমিল্লার বরুড়ায় বাজারে প্রকাশ্যে শিয়াল জবাই, বিক্রি হচ্ছে মাংস কেজি ২ হাজারে।

নিজস্ব প্রতিবেদক:

কুমিল্লার বরুড়া উপজেলার আড্ডা বাজারে প্রকাশ্যে শিয়াল জবাই করে তা মাংস হিসেবে বিক্রির অভিযোগ উঠেছে। শনিবার (৩১ মে) দুপুরে স্থানীয় এক যুবক শামীম হোসেন (২৮) এ কাজ করেন বলে জানা গেছে।
 

স্থানীয়দের অভিযোগ, ওই দিন তিনি বাজারে শিয়ালের মাংস নিয়ে হাজির হন এবং প্রতি কেজি ২ হাজার টাকা দরে বিক্রি করেন। ক্রেতাদের কাছে মাংসের ‘ঔষধি গুণাগুণ’ তুলে ধরেই চলে এ বিক্রি।

স্থানীয় সূত্র জানায়, রাজঘাট ব্রিজের পাশের আড্ডা বাজারে শিয়ালটি জবাই করা হয়। এরপর সেই মাংস বাজারে এনে দুই কেজির মতো বিক্রি করা হয়। অবশিষ্ট অংশ পাশের বাগমারা বাজারে নিয়ে যাওয়া হয়।

মাংস কেনা কয়েকজন ক্রেতা নাম প্রকাশ না করার শর্তে জানান, বিক্রেতারা বলেছেন শিয়ালের মাংস বাত, ব্যথা কিংবা জটিল রোগের প্রতিষেধক হিসেবে কাজ করে। তাদের এমন দাবিকে বিশ্বাস করেই মাংস কিনেছেন তারা।

বাজারের কয়েকজন ব্যবসায়ী জানান, শিয়ালের মাংস বিক্রি এখানে নতুন কিছু নয়। মাঝে মধ্যেই কেউ না কেউ এসে এমন মাংস বিক্রি করছে। তবে বিক্রেতা ব্যক্তি পরিবর্তিত হয়।

এ বিষয়ে আড্ডা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাকের হোসেন বাদল বলেন, “আমার অফিস বাজার ঘেঁষে হলেও এ ধরনের দৃশ্য চোখে পড়েনি। কেউ কখনো অভিযোগও করেনি।”

এদিকে বরুড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নু এমং মারমা মং বলেন, “বন্যপ্রাণী জবাই করে মাংস বিক্রি করা দণ্ডনীয় অপরাধ। আমরা বিষয়টি তদন্ত করে দেখব এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করব।”

প্রাণিবিদদের মতে, শিয়াল পরিবেশের ভারসাম্য রক্ষাকারী একটি গুরুত্বপূর্ণ বন্যপ্রাণী। এ ধরনের হত্যা ও ভক্ষণ পরিবেশ ও জনস্বাস্থ্য উভয়ের জন্যই বিপজ্জনক।

মতামত দিন