দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে আবহাওয়া স্বাভাবিক,লঞ্চ চলাচল শুরু।
নিজস্ব প্রতিবেদক:
দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে বৈরী আবহাওয়ার কারণে সাময়িক বন্ধ থাকার পর ফের লঞ্চ চলাচল শুরু হয়েছে। শনিবার (৩১ মে) দুপুর আড়াইটা পর্যন্ত এই রুটে সব ধরনের লঞ্চ চলাচল বন্ধ রাখে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)।
বিকেল সাড়ে ৪টার দিকে আবহাওয়া উন্নতি হলে পুনরায় লঞ্চ চলাচল স্বাভাবিক হয়।
বিআইডব্লিউটিএ’র আরিচা নৌ-বন্দরের ট্রাফিক সুপারভাইজার মো. শিমুল বিশ্বাস বিষয়টি নিশ্চিত করে জানান, “প্রচণ্ড বৃষ্টি ও ঝড়ো হাওয়ার কারণে দুর্ঘটনার আশঙ্কায় সাময়িকভাবে লঞ্চ চলাচল বন্ধ রাখা হয়েছিল। তবে আবহাওয়া স্বাভাবিক হওয়ায় এখন পুনরায় ১৮টি লঞ্চ নিয়মিত চলাচল করছে।”
তিনি আরও জানান, বর্তমানে শুধু বড় আকারের লঞ্চগুলো নদীতে চলাচল করছে। তবে নদীতে এখনও প্রবল বাতাস ও ঢেউ অব্যাহত থাকায় ছোট লঞ্চগুলো চলাচল করতে পারছে না।
নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ লঞ্চ চলাচলের ওপর নজর রাখছে বলে জানিয়েছে বিআইডব্লিউটিএ। নদী পারাপারে যাত্রীদের সতর্কতা অবলম্বনের পরামর্শও দেওয়া হয়েছে।

মতামত দিন