লক্ষ্মীপুরে পৃথক স্থানে পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু।
নিহতরা হলেন—চররমণী মোহন ইউনিয়নের চররমণী গ্রামের সাঈদুল খোকনের চার বছর বয়সী ছেলে ইয়াছিন আরাফাত, একই এলাকার আব্দুল আসাদের পাঁচ বছর বয়সী ছেলে মো. আল আমিন এবং চররুহিতা ইউনিয়নের চররুহিতা গ্রামের মো. সোহাগের দেড় বছর বয়সী মেয়ে আলিফা আক্তার।
স্বজনদের বরাতে জানা গেছে, প্রতিবেশী ইয়াছিন ও আল আমিন খালের পানিতে গোসল করতে নামে। সাঁতার না জানায় তারা দুজনেই পানিতে ডুবে যায়। পরে আশপাশের লোকজন তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তাদের মৃত্যু হয়।
অপরদিকে, চররুহিতায় বাড়ির উঠানে খেলার সময় সবার অগোচরে পুকুরে পড়ে যায় ছোট্ট আলিফা। দীর্ঘ সময় খোঁজাখুঁজির পর তাকে পুকুর থেকে উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
লক্ষ্মীপুর সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. অরুপ পাল জানান,“পানিতে ডুবে যাওয়া তিন শিশুকে হাসপাতালে আনা হয়েছিল। আমরা তাদের মৃত অবস্থায় পেয়েছি। পরে স্বজনরা মরদেহ বাড়িতে নিয়ে যান।”
একদিনে তিন শিশুর মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা শিশুদের নিরাপত্তায় সচেতনতা বৃদ্ধির আহ্বান জানিয়েছেন।
মতামত দিন