জাপান সফর শেষে দেশে ফিরছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
নিজস্ব প্রতিবেদক:
চার দিনের রাষ্ট্রীয় সফর শেষ করে ঢাকার পথে রওনা হয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। শনিবার (৩১ মে) জাপানের স্থানীয় সময় বেলা ১১টা ২০ মিনিটে তিনি ঢাকার উদ্দেশে যাত্রা করেন।
বিষয়টি নিশ্চিত করেছে প্রধান উপদেষ্টার প্রেস উইং।
গত মঙ্গলবার (২৭ মে) রাত ২টা ১০ মিনিটে একটি ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে জাপানের উদ্দেশে যাত্রা করেন ড. ইউনূস ও তাঁর সফরসঙ্গীরা।
টোকিও সফরে জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবার সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে মিলিত হন তিনি। বৈঠকে দুই দেশের মধ্যে ছয়টি সমঝোতা স্মারকে সই হয়।জাপান সরকারের পক্ষ থেকে বাংলাদেশকে বাজেট সহায়তা এবং রেলপথ উন্নয়নে ১.০৬৩ বিলিয়ন ডলারের সহায়তার ঘোষণা দেওয়া হয়।
এই সফরের মাধ্যমে বাংলাদেশ ও জাপানের কৌশলগত সম্পর্ক আরও সুদৃঢ় হওয়ার আশা করছে উভয় দেশ।

মতামত দিন