জাতীয়
ছবি: সংগৃহীত

অনলাইনে প্রাণনাশের হুমকি: শাহবাগ থানায় জিডি করলেন আবরার ফাইয়াজ।

নিজস্ব প্রতিবেদক:
নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতাকর্মীদের হাতে নিহত বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ছাত্র আবরার ফাহাদের ছোট ভাই আবরার ফাইয়াজ অনলাইনে প্রাণনাশের হুমকির অভিযোগ এনে রাজধানীর শাহবাগ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

শুক্রবার (৩০ মে) বিকেলে আবরার ফাইয়াজ শাহবাগ থানায় এই জিডি করেন বলে গণমাধ্যমকে নিশ্চিত করেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ খালিদ মনসুর।

জিডি সূত্রে জানা যায়, গত ২৭ মে নিজের ফেসবুক অ্যাকাউন্টে আওয়ামী লীগ সরকারের বিচার নিয়ে একটি পোস্ট দেন আবরার ফাইয়াজ। পরদিন সেই পোস্টটি ‘দৈনিক বার্তা বাজার’-এর অনলাইন সংস্করণে প্রকাশিত হয়। এরপর ওই প্রতিবেদনটি সামাজিক মাধ্যমে শেয়ার করে আপত্তিকর মন্তব্য করেন বাংলাদেশ ছাত্র ইউনিয়নের নেতা শাহরিয়ার ইব্রাহিম। ক্যাপশনে তিনি লেখেন, “জাশি (জামায়াত শিবির) এর কুত্তা আবরার ফাহাদকে হত্যা কেন জায়েজ ছিল দেখ তোরা।”

এ পোস্টের নিচে নোয়াজ হোসাইন ফারদিন নামে এক ব্যক্তি মন্তব্য করেন, “ভাই গেছে যে পথে সেও”—যা আবরার ফাইয়াজ ও তার পরিবারের প্রতি সরাসরি হুমকিস্বরূপ। এরপর থেকেই অনলাইনে ফাইয়াজ ও তার পরিবারকে নিয়ে অব্যাহতভাবে কটূক্তি, বিদ্বেষমূলক ও হুমকিসূচক মন্তব্য ছড়াতে থাকে।

আবরার ফাইয়াজ বলেন, “এই সময়ে যারা এসব কথা বলতে পারে, তারা আরও অনেক কিছু করতে পারে। তাই নিজের ও পরিবারের নিরাপত্তা চেয়ে জিডি করেছি।”

শাহবাগ থানার ওসি জানান, আবরার ফাইয়াজের জিডিটি সাইবার ক্রাইম তদন্ত বিভাগে পাঠানো হবে। তারা বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।

মতামত দিন