জাতীয়
ছবি: সংগৃহীত

টাঙ্গুয়ার হাওরে হাউজবোটে ভয়াবহ আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন ১২ পর্যটক।

নিজস্ব প্রতিবেদক:

সুনামগঞ্জের তাহিরপুরে টাঙ্গুয়ার হাওরের ট্যাকেরঘাটে অবস্থিত নিলাদ্রী লেকের পাশে একটি পর্যটকবাহী হাউজবোটে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শুক্রবার (৩০ মে) রাত ৮টার দিকে রাহবার লাক্সারি হাউজবোট নামের একটি বোটে এই দুর্ঘটনা ঘটে।

ট্যাকেরঘাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ সাব-ইন্সপেক্টর আবির দাস জানান, ওই হাউজবোটে ১২ জন যাত্রী ছিলেন। তবে সৌভাগ্যক্রমে কেউ হতাহত হননি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, হাউজবোটের জেনারেটর সিস্টেম থেকে আগুনের সূত্রপাত হয়েছে।আগুন নিয়ন্ত্রণে আনতে পুলিশ ও স্থানীয়রা একসঙ্গে কাজ করছেন বলে জানান তিনি।

স্থানীয় প্রত্যক্ষদর্শীরা বলেন, হঠাৎ লেক পাড় থেকে একটু দূরে রাখা একটি হাউজবোটে দাউ দাউ করে আগুন জ্বলতে দেখা যায়। মুহূর্তেই আগুন ভয়াবহ রূপ নেয় এবং পুরো হাউজবোট পুড়ে ছারখার হয়ে যায়। আগুন এখনো পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি।

হাউজবোট মালিকদের সংগঠন 'হাউজবোট অনার্স অ্যাসোসিয়েশন'-এর সাংগঠনিক সম্পাদক আতাউর ইসতি জানান, রাহবার লাক্সারি হাউজবোটটি তাদের রেজিস্ট্রেশনের আওতাভুক্ত নয়। এটি অন্য এলাকা থেকে এসে পরিচালিত হচ্ছিল।

তাহিরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) দেলোয়ার হোসেন বলেন, ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে। আগুন নিয়ন্ত্রণে আনতে স্থানীয়দের সঙ্গে যৌথভাবে কাজ করা হচ্ছে।

পর্যটন মৌসুমে এমন দুর্ঘটনা হাওরের নিরাপত্তা ব্যবস্থার প্রশ্নও সামনে নিয়ে এসেছে।এ ঘটনায় তদন্ত ও ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন সচেতন মহল।

মতামত দিন