জাতীয়
ছবি: সংগৃহীত

পছন্দের বাইরে পোস্টিং,তাই হাসপাতালে আসেন না চিকিৎসক।

নিজস্ব প্রতিবেদক:

আজ শুক্রবার,৩০ মে ২০২৫:

গাজীপুরের শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যোগদানের পর থেকেই কর্মস্থলে অনুপস্থিত রয়েছেন চিকিৎসক ডা. ফয়সাল আহমেদ। গত ৩ মে গাজীপুর সদর হাসপাতাল থেকে বদলি হয়ে শ্রীপুরে যোগ দিলেও এরপর আর হাসপাতালে আসেননি তিনি।

এ অবস্থায় স্বাস্থ্যসেবায় ব্যাঘাত তৈরি হয়েছে গুরুত্বপূর্ণ এ শিল্পাঞ্চলে।

চিকিৎসক সংকটের মধ্যে তার অনুপস্থিতি পরিস্থিতি আরও জটিল করে তুলেছে। প্রতিদিন বিপুলসংখ্যক রোগী চিকিৎসা নিতে আসায় হাসপাতাল কর্তৃপক্ষ হিমশিম খাচ্ছে বলে জানিয়েছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শফিকুল ইসলাম। তিনি বলেন, “একজন চিকিৎসক না থাকলে রোগীদের দুর্ভোগ বাড়ে। তাই তাকে তিনবার শোকজ করা হয়েছে। কিন্তু তিনি কোনো জবাব দেননি।”

স্বাস্থ্য কমপ্লেক্স সূত্র জানায়, ৭, ১২ ও ১৮ মে তাকে বিনা অনুমতিতে অনুপস্থিত থাকার বিষয়ে শোকজ করা হয়। জবাব না দিয়ে উল্টো আবাসিক চিকিৎসা কর্মকর্তার মোবাইলে খুদে বার্তা পাঠিয়ে ‘যা করার করেন’ বলে হুমকি দেন তিনি। বিষয়টি ইতোমধ্যে জেলা স্বাস্থ্য বিভাগকে জানানো হয়েছে।

অভিযুক্ত চিকিৎসক ফয়সাল আহমেদ বলেন, “আমার ঘাড়ে সমস্যা রয়েছে, হাড় ক্ষয় হয়েছে। গাজীপুর সদর থেকে আমাকে কোনো কারণ ছাড়াই শ্রীপুরে বদলি করা হয়েছে। জয়েন করলেও পরে শরীর খারাপ হওয়ায় যাইনি। আমার পোস্টিংটা প্রত্যাশিত ছিল না। আবেদন করেছি,সরকার বিষয়টি বিবেচনায় নিয়েছে।সমাধান হয়ে যাবে আশা করছি।”

গাজীপুরের সিভিল সার্জন ডা. মামুনুর রহমান জানান, “বিষয়টি আমাদের নজরে এসেছে। তিনি (ফয়সাল) বলেছেন, পোস্টিং পছন্দ হয়নি। ডিজি দেশে ফিরলে হয়তো নতুন কোনো আদেশ হবে। তবে আমরা তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি।”

স্বাস্থ্য সেবায় দায়বদ্ধতা প্রশ্নে বিতর্কের জন্ম দিয়ে ডা. ফয়সালের এমন আচরণ নিয়ে স্থানীয়ভাবে তীব্র  অসন্তোষ দেখা দিয়েছে। এখন দেখার বিষয়, স্বাস্থ্য অধিদপ্তর বিষয়টি কীভাবে সমাধান করে।

মতামত দিন