ঈদযাত্রা নির্বিঘ্নে বিশেষ ট্রেন সার্ভিস চালু শনিবার (৩১ মে) থেকে।
আজ শুক্রবার,৩০ মে ২০২৫:
আসন্ন ঈদুল আজহা উপলক্ষে শনিবার (৩১ মে) থেকে শুরু হচ্ছে বাংলাদেশ রেলওয়ের বিশেষ ট্রেন চলাচল। ঈদযাত্রা নির্বিঘ্ন করতে ট্রেনের সময়ানুবর্তিতা বজায় রাখা ও শিডিউল বিপর্যয় ঠেকাতে নেওয়া হয়েছে একাধিক বিশেষ ব্যবস্থা।
বাংলাদেশ রেলওয়ের ঈদ কর্মপরিকল্পনায় জানানো হয়েছে, ট্রেন পরিচালনায় সুষ্ঠুতা নিশ্চিত করতে ডিভিশনাল ও জোনাল কন্ট্রোল অফিসে গঠিত হচ্ছে পৃথক মনিটরিং সেল। দায়িত্বে থাকবেন কর্মকর্তারা,যাদের জন্য নির্ধারিত হয়েছে ইমার্জেন্সি ডিউটি।
শিডিউল রক্ষায় গুরুত্বপূর্ণ স্টেশন ও সিগন্যাল কেবিনে কর্মকর্তা ও পরিদর্শকদের উপস্থিতিতে ট্রেন পরিচালনা করা হবে। পাশাপাশি দুর্ঘটনা প্রতিরোধে বাড়ানো হচ্ছে রেলপথ পেট্রোলিং।
অতিরিক্ত যাত্রীচাপ মোকাবিলায় পাহাড়তলী ও সৈয়দপুর ওয়ার্কশপ থেকে যথাক্রমে ২৯টি এমজি ও ১৫টি বিজি—মোট ৪৪টি যাত্রী কোচ সার্ভিসে যুক্ত করা হচ্ছে। এছাড়া পূর্বাঞ্চলে ১৮টি ও পশ্চিমাঞ্চলে ৯টি—মোট ২৭টি লোকোমোটিভ প্রস্তুত রাখা হবে।
এবারের ঈদযাত্রায় রেলওয়ে পাঁচ জোড়া বিশেষ ট্রেন চালুর সিদ্ধান্ত নিয়েছে। এর মধ্যে দেশের বৃহত্তম ঈদ জামাত শোলাকিয়ায় অংশ নিতে মুসল্লিদের জন্য থাকছে দুটি বিশেষ ট্রেন—ভৈরববাজার-কিশোরগঞ্জ ও ময়মনসিংহ-কিশোরগঞ্জ রুটে।
অন্যদিকে চট্টগ্রাম-চাঁদপুর, ঢাকা-দেওয়ানগঞ্জ ও জয়দেবপুর-পার্বতীপুর রুটে চলবে আরও তিন জোড়া বিশেষ ট্রেন।
এ ছাড়া কোরবানির পশু পরিবহনে বিশেষ ব্যবস্থা হিসেবে তিনটি ক্যাটেল স্পেশাল ট্রেন চালানো হবে। দেওয়ানগঞ্জ থেকে ঢাকায় দুটি ট্রেন ছেড়ে যাবে ২ ও ৩ জুন, আর ইসলামপুর বাজার থেকে ঢাকাগামী একটি ট্রেন ছাড়বে ২ জুন বিকেল ৩টা ৪০ মিনিটে।
সব মিলিয়ে ঈদযাত্রাকে নিরাপদ, সুশৃঙ্খল ও সময়মতো সম্পন্ন করতে বাংলাদেশ রেলওয়ে সর্বাত্মক প্রস্তুতি নিয়েছে।
মতামত দিন