নিম্নচাপের প্রভাবে ৫ হাজারের বেশি মোবাইল টাওয়ার বন্ধ।
আজ শুক্রবার,৩০ মে ২০২৫:
বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের কারণে সারা দেশের বিভিন্ন অঞ্চলে বিদ্যুৎ সংযোগ মারাত্মকভাবে ব্যাহত হয়েছে, যার সরাসরি প্রভাব পড়েছে টেলিযোগাযোগ খাতে। শুক্রবার (৩০ মে) সকাল পর্যন্ত বিদ্যুৎ বিভ্রাটের কারণে মোট ৫ হাজার ৯০৪টি মোবাইল নেটওয়ার্ক টাওয়ার বা সাইট বন্ধ হয়ে পড়েছে,যা দেশের মোট মোবাইল সাইট সংখ্যার প্রায় ৩৫.৮ শতাংশ।
টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব তার ভেরিফায়েড ফেসবুক পোস্টে এসব তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে বরিশাল, সিলেট দক্ষিণ, টাঙ্গাইল, চাঁদপুর, ময়মনসিংহ, ঢাকা উত্তর, কুমিল্লা, নোয়াখালী ও চট্টগ্রাম দক্ষিণ অঞ্চল। এসব এলাকায় অনেক জায়গায় মোবাইল ফোনে কোনো সিগন্যাল পাওয়া যাচ্ছে না, ইন্টারনেট একেবারেই বিচ্ছিন্ন।
এছাড়া বিদ্যুৎ বিচ্ছিন্নতার কারণে দেশের আরও ৮ হাজার ২৬২টি মোবাইল টাওয়ার ‘মেইনস ফেইলর’-এর আওতায় পড়েছে, যা মোট সাইটের ৪৪ শতাংশ।বর্তমানে মোট ৬৪.২ শতাংশ সাইট সচল রয়েছে বলে জানানো হয়।
পরিস্থিতি সামাল দিতে মোবাইল অপারেটর ও টাওয়ার কোম্পানিগুলো ইতোমধ্যে ৬২৪টি সাইটে পোর্টেবল জেনারেটর সংযুক্ত করেছে এবং আরও ৫০৪টি জেনারেটর পথে রয়েছে, যা দ্রুত স্থাপন করে ক্ষতিগ্রস্ত সাইটগুলো সচল করার চেষ্টা চলছে।
ফয়েজ আহমদ তৈয়্যব বলেন,"আবহাওয়াজনিত দুর্যোগ পরিস্থিতি মোকাবিলায় মোবাইল অপারেটর, টাওয়ার কোম্পানি এবং পল্লি বিদ্যুৎ কর্মকর্তারা সমন্বিতভাবে কাজ করে যাচ্ছেন। লক্ষ্য একটাই— যত দ্রুত সম্ভব দেশের টেলিযোগাযোগ ব্যবস্থা স্বাভাবিক করা।"

মতামত দিন