জাতীয়
ছবি: সংগৃহীত

সিনহা হত্যা মামলা:ডেথ রেফারেন্স ও আপিলের শুনানি শেষ, রায় ২ জুন।

নিজস্ব প্রতিবেদক:

আজ বৃহস্পতিবার ২৯ মে ২০২৫:

সাবেক সেনা কর্মকর্তা মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যা মামলায় ডেথ রেফারেন্স ও আসামিপক্ষের আপিলের ওপর হাইকোর্টে চূড়ান্ত শুনানি সম্পন্ন হয়েছে। বিচারপতি মোহাম্মদ মোস্তাফিজুর রহমান ও বিচারপতি মোহাম্মদ সগীর হোসেনের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চে বৃহস্পতিবার (২৯ মে) এই শুনানি অনুষ্ঠিত হয়।

আদালত আগামী ২ জুন রায়ের দিন নির্ধারণ করেছেন।

শুনানিতে রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল এস এম আসাদুজ্জামান দাবি করেন, মামলার বিচারিক আদালতের দেওয়া রায় যথাযথ ছিল এবং ওসি প্রদীপ কুমার দাশ ও লিয়াকত আলীর মৃত্যুদণ্ডসহ  সব সাজা বহাল রাখা উচিত।

প্রসঙ্গত, ২০২০ সালের ৩১ জুলাই কক্সবাজারের টেকনাফে মেরিন ড্রাইভ সড়কের শামলাপুর চেকপোস্টে পুলিশের গুলিতে নিহত হন অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা মেজর সিনহা। এ ঘটনার পর দেশজুড়ে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয় এবং পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন ওঠে।

পরে ২০২২ সালের ৩১ জানুয়ারি কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালত রায় দেন। রায়ে টেকনাফ থানার সাবেক ওসি প্রদীপ কুমার দাশ ও বাহারছড়া তদন্ত কেন্দ্রের পরিদর্শক লিয়াকত আলীকে মৃত্যুদণ্ড এবং বাকি  ছয় পুলিশ সদস্যকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। সেই রায়ের বিরুদ্ধে আসামিপক্ষ হাইকোর্টে আপিল করে। অন্যদিকে, মৃত্যুদণ্ড অনুমোদনের জন্য রাষ্ট্রপক্ষ ডেথ রেফারেন্স দায়ের করে।

হাইপ্রোফাইল এই মামলার রায়কে কেন্দ্র করে দেশজুড়ে সবার নজর এখন ২ জুনের দিকে। আদালতের রায়ই নির্ধারণ করবে—এই বহুল আলোচিত হত্যাকাণ্ডে অপরাধীদের শাস্তি কতটা নিশ্চিত হলো।

মতামত দিন