জাতীয়
ছবি: সংগৃহীত

১ জুন থেকে বাজারে আসছে নতুন ১০০০, ৫০ ও ২০ টাকার নোট।

নিজস্ব প্রতিবেদক:

আজ বৃহস্পতিবার ২৯ মে ২০২৫:

বাংলাদেশ ব্যাংক নতুন ডিজাইনের ১০০০, ৫০ ও ২০ টাকার নোট বাজারে ছাড়ার সিদ্ধান্ত নিয়েছে। আগামী রোববার, ১ জুন থেকে এই নোটগুলো চালু হবে বলে জানানো হয়েছে।

প্রাথমিকভাবে রাজধানীর মতিঝিলে অবস্থিত বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয় থেকে নতুন নোটগুলো বিতরণ শুরু হবে। এরপর ধাপে ধাপে অন্যান্য আঞ্চলিক অফিসেও পৌঁছে দেওয়া হবে।

বৃহস্পতিবার (২৯ মে) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বাংলাদেশ ব্যাংক জানায়, নতুন এসব নোটে কিছু ডিজাইন ও নিরাপত্তা প্রতীক হালনাগাদ করা হয়েছে। তবে প্রচলিত অন্যান্য কাগুজে ও ধাতব মুদ্রা চলমান থাকবে এবং নতুন নোট চালুর ফলে পুরোনো নোটগুলো বাতিল হবে না।

বাংলাদেশ ব্যাংকের ঘোষণায় আরও বলা হয়েছে, মুদ্রা সংগ্রাহকদের জন্য বিশেষভাবে ছাপানো নমুনা নোটও প্রস্তুত করা হয়েছে। ১০০০, ৫০ এবং ২০ টাকার এই নমুনা নোটগুলো শুধুমাত্র প্রদর্শনযোগ্য; এগুলো লেনদেনে ব্যবহারযোগ্য নয়। নির্দিষ্ট মূল্য পরিশোধ করে সংগ্রহকারীরা রাজধানীর মিরপুরে অবস্থিত ‘টাকা জাদুঘর’ থেকে এই নমুনা সংগ্রহ করতে পারবেন।

বাংলাদেশ ব্যাংক কর্তৃপক্ষ মনে করছে, উন্নত নিরাপত্তা বৈশিষ্ট্য ও হালনাগাদ নকশার মাধ্যমে জালনোট প্রতিরোধে এটি কার্যকর ভূমিকা রাখবে।

মতামত দিন