জাতীয়
ছবি: সংগৃহীত

রেললাইনে হেলে পড়া গাছে ধাক্কা,অল্পের জন্য বড় দুর্ঘটনা থেকে রক্ষা পেল কালনী এক্সপ্রেস।

নিজস্ব প্রতিবেদক:

আজ বৃহস্পতিবার ২৯ মে ২০২৫:

মৌলভীবাজারের লাউয়াছড়া জাতীয় উদ্যানের ভেতর দিয়ে যাওয়া রেলপথে হেলে পড়া গাছে ধাক্কা খেয়ে বড় ধরনের দুর্ঘটনার মুখ থেকে রক্ষা পেয়েছে কালনী এক্সপ্রেস।

বৃহস্পতিবার (২৯ মে) সকালে সিলেট থেকে ঢাকাগামী এই আন্তঃনগর ট্রেনটি লাউয়াছড়া সংরক্ষিত বনাঞ্চল অতিক্রম করার সময় রেললাইনের উপর ঝুঁকে থাকা একটি গাছে সজোরে আঘাত হানে।

এতে ইঞ্জিনের সামনের অংশ ক্ষতিগ্রস্ত হলেও যাত্রীদের কেউ হতাহত হননি।

বিষয়টি নিশ্চিত করে শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশন ম্যানেজার সাখাওয়াত হোসেন বলেন, ‘গাছের সঙ্গে সংঘর্ষে ইঞ্জিনের সামনের অংশ বেঁকে যায়। তবে ট্রেন চলাচলে বড় বাধা হয়নি। উদ্ধার কাজ শেষ হওয়ার পর ট্রেনটি ঢাকার উদ্দেশে যাত্রা করে।’

বন বিভাগ জানায়, রাতের বৃষ্টিতে দুর্বল গোড়ার একটি পুরোনো গাছ মাটি সরে রেললাইনের ওপর হেলে পড়ে। সকালবেলা ট্রেনটি ওই রুটে পৌঁছালে গাছের সঙ্গে সংঘর্ষ ঘটে। খবর পেয়ে বন বিভাগের কর্মীরা রেলপথ পরিষ্কার করেন।

লাউয়াছড়া রেঞ্জ কর্মকর্তা কাজী নাজমুল বলেন, ‘সংরক্ষিত বনে বহু পুরোনো গাছ রয়েছে।ভারী বৃষ্টির কারণে অনেক সময় এগুলো উপড়ে পড়ে বা হেলে যায়। আমরা তাৎক্ষণিকভাবে গাছ কেটে লাইনের স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনি।’

স্থানীয় বাসিন্দারাও জানান,এমন ঘটনা সচরাচর না ঘটলেও বর্ষাকালে লাউয়াছড়া বনের ভেতর রেল চলাচলে বাড়তি সতর্কতা নেওয়া জরুরি। বড় ধরনের বিপর্যয় এড়াতে রেলপথের নিয়মিত পর্যবেক্ষণ ও আগাম সতর্ক ব্যবস্থা গ্রহণের দাবি জানান তারা।

মতামত দিন