বাংলাদেশি কর্মীদের জন্য জাপানে বিপুল কর্মসংস্থান: পাঁচ বছরে এক লাখ নিয়োগের পরিকল্পনা।
ঢাকা,আজ বৃহস্পতিবার ২৯ মে ২০২৫:
দক্ষ জনশক্তির ঘাটতি মোকাবিলায় বাংলাদেশ থেকে বিপুলসংখ্যক শ্রমিক নিয়োগের পরিকল্পনা করেছে জাপানের একাধিক শিল্পপ্রতিষ্ঠান। আগামী পাঁচ বছরে এক লাখ বাংলাদেশিকে বিভিন্ন খাতে নিয়োগ দিতে চায় দেশটির ব্যবসায়ী সংগঠনগুলো।
বৃহস্পতিবার (২৯ মে) টোকিওতে অনুষ্ঠিত এক সেমিনারে এ ঘোষণা দেন জাপানের ন্যাশনাল বিজনেস সাপোর্ট কম্বাইন্ড কো-অপারেটিভস (NBCC)-এর চেয়ারম্যান মিকিও কেসাগায়ামা। তিনি জানান, জাপানে কাজের সুযোগ সৃষ্টির পাশাপাশি দক্ষ শ্রমিকের চাহিদা বাড়ছে। এ প্রেক্ষাপটে NBCC-এর সদস্য গ্রুপগুলোর পক্ষ থেকে বাংলাদেশি কর্মীদের ব্যাপক নিয়োগের পরিকল্পনা নেওয়া হয়েছে।
বাংলাদেশের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বিষয়টি নিশ্চিত করে জানান, সেমিনারে উপস্থিত আন্তর্জাতিক অংশীদারদের সামনে বাংলাদেশি শ্রমিকদের দক্ষতা ও সম্ভাবনার কথা তুলে ধরা হয়েছে। তিনি বলেন, এ উদ্যোগ শুধু কর্মসংস্থানই নয়, বরং দুই দেশের অর্থনৈতিক সম্পর্কেও নতুন মাত্রা যোগ করবে।
একই দিনে জাপানের রাজধানী টোকিওতে অনুষ্ঠিত ৩০তম নিক্কেই আন্তর্জাতিক সম্মেলনে বক্তব্য রাখেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। সেখানে তিনি বলেন, বাংলাদেশ এমন একটি নির্বাচন আয়োজনের প্রস্তুতি নিচ্ছে, যা ন্যায়বিচার, স্বাধীনতা ও সমতার ভিত্তিতে একটি গ্রহণযোগ্য গণতান্ত্রিক ব্যবস্থার ভিত্তি রচনা করবে।
ড. ইউনূস বলেন, বর্তমান বৈশ্বিক সংকট এবং যুদ্ধ-সংঘাতের প্রেক্ষাপটে তৃণমূল পর্যায়ে নেতৃত্ব বিকাশ, শান্তি রক্ষা এবং জনগণের ক্ষমতায়নই সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। তিনি রোহিঙ্গা সংকটে বাংলাদেশের ভূমিকা এবং জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে দেশের অংশগ্রহণের কথাও তুলে ধরেন।
বিশ্বজুড়ে চলমান রাজনৈতিক অস্থিরতার মধ্যে জাপানের শ্রমবাজারে বাংলাদেশি কর্মীদের অন্তর্ভুক্তি একদিকে যেমন বৈদেশিক মুদ্রা আয় বাড়াবে, তেমনি আন্তর্জাতিক সম্পর্কেও ইতিবাচক প্রভাব ফেলবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

মতামত দিন