জাতীয়
ছবি: সংগৃহীত

৩৭ জেলার ৬৮ সরকারি কলেজের নাম পরিবর্তন।

নিজস্ব প্রতিবেদক:

ঢাকা,আজ বৃহস্পতিবার ২৯ মে ২০২৫:

দেশের ৩৭টি জেলার ৬৮টি সরকারি কলেজের নাম পরিবর্তন করেছে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ। সংশোধিত নামগুলোতে এবার স্থান পেয়েছে সংশ্লিষ্ট এলাকাগুলোর পরিচিতি; বাদ পড়েছে রাজনৈতিক ব্যক্তিত্ব, বিশেষ করে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যদের নাম।

বুধবার (২৮ মে) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের উপসচিব মো. মাহবুব আলম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, মন্ত্রিপরিষদ বিভাগের মন্ত্রিসভার সিদ্ধান্ত বাস্তবায়ন পরিবীক্ষণ অধিশাখার নির্দেশনার আলোকে এসব শিক্ষা প্রতিষ্ঠানের নাম সংশোধন করা হয়েছে। নতুন করে যেসব নাম নির্ধারণ করা হয়েছে, সেগুলো মূলত স্থানীয়তা ও ভৌগোলিক অবস্থানের ভিত্তিতে দেওয়া হয়েছে।

এই পরিবর্তনের ফলে বেশিরভাগ কলেজের নাম থেকে বঙ্গবন্ধু পরিবারের সদস্যদের নাম মুছে ফেলা হয়েছে। তবে দু-একটি ব্যতিক্রম ছাড়া প্রায় সব শিক্ষাপ্রতিষ্ঠানকেই নতুন নামে পরিচিত হতে হবে।সংশ্লিষ্ট কলেজগুলোর নাম পরিবর্তনের বিষয়টি ইতোমধ্যে বিভাগীয় কমিশনার, সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডের চেয়ারম্যান, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক এবং সংশ্লিষ্ট অধ্যক্ষদের কাছে পাঠিয়ে দেওয়া হয়েছে।

শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, নাম পরিবর্তনের এই সিদ্ধান্ত মন্ত্রিপরিষদ বিভাগ থেকে আসা নির্দেশনার ভিত্তিতে গৃহীত হয়েছে এবং এটি এখন থেকে কার্যকর ধরা হবে। নতুন নাম অনুযায়ী সরকারি নথিপত্র, ফলাফল, ওয়েবসাইট ও অন্যান্য প্রশাসনিক কার্যক্রম পরিচালনার নির্দেশনাও দেওয়া হয়েছে।

মতামত দিন