জাতীয়
ছবি: সংগৃহীত

যেকোনো পরিস্থিতিতেই জুনের মধ্যে নির্বাচন হবে: জাপানে প্রধান উপদেষ্টা ইউনূস।

নিজস্ব প্রতিবেদক:

ঢাকা,আজ বুধবার ২৮ মে ২০২৫:

বাংলাদেশে আগামী বছরের জুনের মধ্যে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে—এই প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

জাপানের রাজধানী টোকিওতে বুধবার (২৮ মে) জাপান-বাংলাদেশ পার্লামেন্টারি ফ্রেন্ডশিপ লীগের সভাপতি ও দেশটির সাবেক প্রধানমন্ত্রী তারো আসোর সঙ্গে সৌজন্য সাক্ষাতে এই প্রতিশ্রুতি দেন তিনি।

সাক্ষাতে ইউনূস জানান, অন্তর্বর্তী সরকার তিনটি বড় লক্ষ্য নিয়ে এগোচ্ছে: প্রতিষ্ঠান সংস্কার, মানবাধিকার লঙ্ঘনের বিচার এবং একটি গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন। তিনি বলেন, “যেকোনো পরিস্থিতিতে আগামী বছরের জুনের মধ্যে বাংলাদেশে নির্বাচন অনুষ্ঠিত হবে। আমরা জনগণের প্রত্যাশা পূরণে বদ্ধপরিকর।”

চার দিনের সফরে টোকিও পৌঁছানোর পর প্রথম দিনই গুরুত্বপূর্ণ বৈঠকটি অনুষ্ঠিত হয়। সফরকালে ইউনূস নিক্কেই ফোরামে যোগদান ছাড়াও উচ্চপর্যায়ের একাধিক বৈঠকে অংশ নেবেন।

তারো আসো ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকারের ভূমিকার প্রশংসা করেন এবং বলেন, “বাংলাদেশের রাজনৈতিক স্থিতিশীলতার জন্য একটি অংশগ্রহণমূলক নির্বাচন জরুরি। জাপান এ বিষয়ে বাংলাদেশের পাশে আছে।”

অর্থনৈতিক সংস্কার প্রসঙ্গে ইউনূস জানান, ব্যাংক খাতে শৃঙ্খলা ফেরানো, বৈদেশিক মুদ্রার রিজার্ভ শক্তিশালীকরণ এবং ঋণ পরিস্থিতি উন্নয়নের ক্ষেত্রে সরকার উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে। তিনি বলেন, “পূর্ববর্তী সরকার দেশের রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করে দিয়েছিল। সেই ক্ষত মেরামত করাই এখন সবচেয়ে বড় কাজ।”

রোহিঙ্গা সংকট নিয়েও তিনি জাপানি সংসদ সদস্যদের অবহিত করেন।বলেন,“রোহিঙ্গারা অন্য কোথাও যেতে চাচ্ছে না, তারা নিজ দেশেই ফিরে যেতে চায়। এ প্রক্রিয়ায় জাপানের সহায়তা প্রয়োজন।”

সাক্ষাতে বাংলাদেশ-জাপান অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তি (ইপিএ) নিয়েও আলোচনা হয়। উভয়পক্ষ আশা  প্রকাশ করে, আলোচনার কাজ আগস্টের মধ্যে শেষ করে সেপ্টেম্বরে চুক্তি স্বাক্ষর সম্ভব হবে। স্বাক্ষরের পর জাপানই হবে বাংলাদেশের সঙ্গে ইপিএ স্বাক্ষরকারী প্রথম দেশ।

বৈঠকে আরও উপস্থিত ছিলেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন, প্রধান উপদেষ্টার বিশেষ দূত লুৎফে সিদ্দিকী এবং এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক লামিয়া মোরশেদ।

মতামত দিন