কুষ্টিয়ায় রাসেল ভাইপার সাপের কামড়ে পৃথক স্থানে দু’জনের মৃত্যু।
কুষ্টিয়া,আজ বুধবার ২৮ মে ২০২৫:
কুষ্টিয়ায় পৃথক দুটি স্থানে বিষধর রাসেল ভাইপার সাপের কামড়ে দুই জনের মৃত্যু হয়েছে। বুধবার (২৮ মে) দৌলতপুর উপজেলার গোবরগাড়া ও কুমারখালী উপজেলার চর জগন্নাথপুরে এ দুটি প্রাণহানির ঘটনা ঘটে।
নিহতরা হলেন দৌলতপুরের গোবরগাড়া এলাকার কালু (৩৫) এবং কুমারখালীর চর জগন্নাথপুর এলাকার কামরুজ্জামান (৫০)। নিহত দুজনই কৃষিকাজে যুক্ত ছিলেন।
কালুর চাচাতো ভাই রিয়াজুল জানান, মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে বাড়ির পাশের বাগানে আম কুড়াতে গিয়ে কালুকে সাপে কামড় দেয়।রাতেই তাকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হলে বুধবার ভোর ৫টা ৪৫ মিনিটে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
অন্যদিকে, কামরুজ্জামান বুধবার সকাল ১১টার দিকে বাড়ির পাশে কলাবাগানে কাজ করছিলেন। এ সময় হঠাৎ করে রাসেল ভাইপার প্রজাতির একটি সাপ তাকে কামড়ে দেয়। প্রথমে তাকে কুমারখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে বেলা সাড়ে ১২টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
চিকিৎসকদের বরাত দিয়ে স্থানীয় সূত্র জানায়, এ দুইজনের মৃত্যুর কারণ রাসেল ভাইপার সাপের বিষক্রিয়াই নিশ্চিতভাবে চিহ্নিত করা হয়েছে। এলাকাবাসীর দাবি,স্থানীয়ভাবে ঝোপঝাড় পরিষ্কার ও সাপ প্রতিরোধে দ্রুত ব্যবস্থা নেওয়া প্রয়োজন।
মতামত দিন