জাতীয়
ছবি: সংগৃহীত

ঈদুল আজহায় পত্রিকা প্রকাশ বন্ধ থাকবে ৫ দিন, সরকারি ছুটি টানা ১০ দিন।

নিজস্ব প্রতিবেদক:

ঢাকা,আজ বুধবার ২৮ মে ২০২৫:

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সংবাদপত্র শিল্পে কর্মরতদের জন্য পাঁচ দিনের ছুটি ঘোষণা করেছে নিউজপেপার ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (নোয়াব)। মঙ্গলবার (২৭ মে) নোয়াব সভাপতি একে আজাদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নোয়াবের নির্বাহী কমিটির সিদ্ধান্ত অনুযায়ী ৫ থেকে ৯ জুন পর্যন্ত ঈদের ছুটি পালন করা হবে। এ সময়ে ৬ থেকে ১০ জুন পর্যন্ত কোনো পত্রিকা প্রকাশিত হবে না।

এদিকে সরকারি চাকরিজীবীদের জন্য ঈদুল আজহা উপলক্ষে ১০ দিনের ছুটি ঘোষণা করেছে বাংলাদেশ সরকার। জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী, ৫ জুন থেকে শুরু হয়ে ছুটি চলবে ১৪ জুন পর্যন্ত। ৫ থেকে ১০ জুন পর্যন্ত সরকার ঘোষিত ঈদের মূল ছুটির পর ১১ ও ১২ জুন (বুধবার ও বৃহস্পতিবার) নির্বাহী আদেশে অতিরিক্ত ছুটি এবং ১৩ ও ১৪ জুন শুক্রবার ও শনিবার সাপ্তাহিক ছুটি থাকায় টানা ১০ দিন ছুটি ভোগ করবেন সরকারি কর্মচারীরা।

এর আগে চলতি বছর পবিত্র ঈদুল ফিতরে ২৮ মার্চ থেকে ৫ এপ্রিল পর্যন্ত সরকারি কর্মকর্তা-কর্মচারীরা টানা ৯ দিনের ছুটি উপভোগ করেন। এবার ঈদুল আজহাতেও দীর্ঘ ছুটিতে যাবে দেশ।

মতামত দিন